শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

নগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
নগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪

রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।


বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গত ১১ নভেম্বর সকাল সোয়া ৬টার দিকে নগরীর কাদিরগঞ্জের দরিখরবোনা এলাকায় লাল মসজিদের বিপরীত পাশের সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় কয়েকজন বাধা দিলে মিছিলকারীরা তাঁদের ভয়ভীতি ও হুমকি দেন। একপর্যায়ে পুলিশকে খবর দিতে গেলে এক ব্যক্তিকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন তাঁরা। পরে মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।


এ ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।


মামলার তদন্তে এজাহারভুক্ত আসামি নিউমার্কেট-দরিখরবোনা এলাকার মৃত খোকনের ছেলে মো. আলী ইসলাম (৩২) ও উপশহর নিউমার্কেট এলাকার হযরত আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে উপশহর এলাকার আবু সালেহ মোহাম্মদ ওমর শরীফ ওরফে রাজিব (৫৫) এবং বর্ণালী আমবাগান এলাকার মো. মিজান হোসেন দিপুকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মিছিলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।


এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আরএমপি।