শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি : গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা নিশ্চিত করতে মাঠে বিভাগীয় প্রশাসন

নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি : গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা নিশ্চিত করতে মাঠে বিভাগীয় প্রশাসন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এ কর্মসূচি সফল করতে গাছ লাগানোর পাশাপাশি রোপিত গাছের বেঁচে থাকা ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি শুরু করেছে রাজশাহী বিভাগীয় প্রশাসন।


এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহীর পুঠিয়া উপজেলা ও নাটোর সদর উপজেলার বৃক্ষরোপণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। পুঠিয়ায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আকলিমা আক্তার এবং নাটোর সদরে সিনিয়র সহকারী কমিশনার মিথিলা দাস এসব কার্যক্রম পরিদর্শন করেন।


পরিদর্শনকালে রোপিত গাছের বর্তমান অবস্থা, বৃদ্ধি ও পরিচর্যার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। পুঠিয়ায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক প্রসঞ্জিত সাহা।


পরিদর্শনে সড়কের দুই পাশের রোপিত গাছগুলোর অবস্থা সন্তোষজনক দেখা যায়। গাছগুলো বড় হলে এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


বিভাগীয় প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি হিসেবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম মাঠপর্যায়ে তদারকি জোরদারের উদ্যোগ নিয়েছেন। শুধু বৃক্ষরোপণ নয়, প্রতিটি গাছের অস্তিত্ব ও পরিচর্যা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।


পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, আগামী পাঁচ বছরে উপজেলায় ১ লাখ ২০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। চলতি ২০২৬ অর্থবছরে ২০ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করে কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। রোপিত গাছগুলো বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা ও তদারকি করা হচ্ছে। সবুজ ও পরিবেশবান্ধব পুঠিয়া গড়ে তুলতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।