শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

নগরীতে ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
নগরীতে ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

তরুণদের নেতৃত্বের বিকাশ, স্বাস্থ্য অধিকার, সৃজনশীলতা ও সামাজিক পরিবর্তনে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৬। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর একটি কনভেনশন সেন্টারে অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি) প্রকল্প ও রাজশাহী-আরএইচস্টেপের উদ্যোগে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। 


এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, স্বাস্থ্যকর্মী, উন্নয়নকর্মী, মেন্টর, ইয়ুথ অ্যাডভোকেট, স্বেচ্ছাসেবী ও তরুণ প্রতিনিধিসহ ১২০ জন অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক তাসমিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন ইউওয়াইপি-আরএইচস্টেপের প্রকল্প ব্যবস্থাপক আবু রায়হান। 


এ ছাড়া আরএইচস্টেপের ইউনিট ম্যানেজার মামুনুর রহমান, সহকারী বিদ্যালয় পরিদর্শক আবদুর রব সিদ্দিকী, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক আশিকুল ইসলাম এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জনাব আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আয়োজকেরা জানান, তরুণদের সম্ভাবনা, নেতৃত্ব ও সৃজনশীল উদ্যোগের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে তরুণদের কার্যকর সংযোগ তৈরিতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে স্বাস্থ্য অধিকার, স্বাস্থ্যসেবায় তরুণদের অংশগ্রহণ এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে তরুণ নেতৃত্বকে আরও শক্তিশালী করতে এ আয়োজন সহায়ক হবে।