শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

আদিবাসীদের নেতৃত্বে পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
আদিবাসীদের নেতৃত্বে পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের প্রশংসা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের আদারপাড়া গ্রাম সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের প্রতিনিধিদল। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নেতৃত্বে পরিবেশ সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সমস্যা সমাধানে সংগঠনটির সম্মিলিত উদ্যোগ ও অর্জন সরেজমিনে ঘুরে দেখেন তাঁরা।


গত ১১ নভেম্বর অনুষ্ঠিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দলের ফার্স্ট কাউন্সিলর ও গ্রিন ইকোনমি অ্যান্ড পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান টোবিয়াস বেহরমান, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার লুলে ভ্যালেনটিনা লুচ্চেসে এবং নেটজ বাংলাদেশের প্রধান নির্বাহী পরিচালক ম্যাক্স স্টিলে। এ ছাড়া নেটজ বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক সারা খাতুন ও এনগেজ প্রকল্পের ব্যবস্থাপক মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। সার্বিক সমন্বয় করেন আদারপাড়া গ্রাম সিএসওর দায়িত্বপ্রাপ্ত ফিল্ড ফ্যাসিলিটেটর রোকসানা খাতুন।


শুরুতে আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। পরে সিএসওর সভাপতি নিরেশ্বরী খালকোর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য আয়েশা খাতুন। এতে সংগঠনের কাঠামো, কার্যক্রম পরিচালনা, সদস্যদের দায়িত্ব ও অংশগ্রহণ এবং স্থানীয় সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের বিষয়গুলো তুলে ধরেন সদস্যরা। এ সময় সভার কার্যবিবরণী, সিদ্ধান্ত ও রেজুলেশন খাতা এবং উপস্থিতি নিবন্ধনসহ বিভিন্ন সাংগঠনিক নথিপত্র প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করা হয়।


পরিদর্শনে সংগঠনটির উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে উঠে আসে গ্রামের শ্মশানঘাটে যাতায়াতের রাস্তা পুনরুদ্ধারের বিষয়টি। স্থানীয় এক ব্যক্তি রাস্তার একটি অংশ দখল করে বাড়ি নির্মাণ করায় দীর্ঘদিন ধরে গ্রামবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। পরে সিএসওর সদস্যরা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে দখল হওয়া রাস্তা পুনরুদ্ধার করেন। এতে শ্মশানঘাটে যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা দূর হয়।


এ ছাড়া সরকারি খাসপুকুরের অধিকার ও ব্যবহার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নেন সংগঠনের সদস্যরা। উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে তিনটি পরিবারকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতেও ভূমিকা রাখেন তাঁরা। প্রতিনিধিদল এসব উদ্যোগের বাস্তবায়নস্থল পরিদর্শন করে সদস্যদের কাছ থেকে অভিজ্ঞতা ও প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।


পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনাতেও সংগঠনটির উদ্যোগ প্রশংসা কুড়ায়। ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিন যত্রতত্র না ফেলে নির্দিষ্ট বস্তায় সংরক্ষণ করছেন সদস্যরা। পাশাপাশি গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনায় নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করেছেন। এসব উদ্যোগের মাধ্যমে গ্রামকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখার চেষ্টা করছেন তাঁরা।


সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করে। গ্রামের প্রতিটি পরিবার ধান সংগ্রহের পর প্রাপ্ত অর্থের একটি অংশ মন্দির সংস্কারের জন্য সম্মিলিতভাবে প্রদান করে। পারস্পরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এগিয়ে চলছে মন্দির সংস্কারের কাজ।


পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা সিএসওর সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে সমস্যা চিহ্নিতকরণ, সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা ও সামাজিক উন্নয়নে সংগঠনটির সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তাঁরা।