শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

নির্বাক রাণী

আব্বাস এ আলাম ১২ নভেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন পাণ্ডুলিপি
আব্বাস এ আলাম ১২ নভেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
নির্বাক রাণী

১. ঘটনা প্রপাত

শহরের একেবারে শেষ প্রান্তে, রেললাইনের পাশে ছোট্ট একটি চায়ের দোকান। বাঁশের বেড়া, টিনের চাল, সামনে কয়েকটি কাঠের বেঞ্চ। দোকানের এক কোণে মাটির চুলায় সারাক্ষণ পানি ফুটতে থাকে। চায়ের ধোঁয়া আর কয়লার গন্ধ মিশে সেখানে তৈরি হয় এক অদ্ভুত মায়াবী পরিবেশ। সেই দোকানের মালিক রাণী দাসী। রাণীর বয়স ত্রিশের কাছাকাছি। গায়ের রং শ্যামলা, চোখ দুটি বড়, মুখে সব সময় একধরনের চাপা বিষণ্নতা। স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। সন্তান নেই। সংসারের আর কেউ নেই বললেই চলে। তাই নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য চায়ের দোকানটিই তার একমাত্র অবলম্বন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চা বানানো, বিস্কুট বিক্রি, খদ্দেরদের সঙ্গে কথা বলা—এসব নিয়েই তার জীবন। কিন্তু মানুষের জীবন কি শুধু বেঁচে থাকার জন্য? কখনো কখনো একটি মানুষের জীবনে আরেকটি মানুষের আগমন ঘটে, যে অজান্তেই হৃদয়ের সমস্ত শূন্যতা দখল করে নেয়। রাণীর জীবনেও তেমন একজন এসেছিল। তার নাম আলোক। আলোক প্রতিদিন বিকেলের দিকে রাণীর দোকানে আসত। প্রথম দিকে সে অন্য খদ্দেরদের মতোই ছিল। এক কাপ চা খেত, সিগারেট ধরাত, তারপর চুপচাপ বসে থাকত। কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, কখনো একা একা রাস্তার দিকে তাকিয়ে থাকত। আলোকের বয়স পঁয়ত্রিশের কাছাকাছি। একসময় ভালো পরিবারের ছেলে ছিল। লেখাপড়াও করেছিল। কিন্তু জীবনের নানা ব্যর্থতা, ভুল বন্ধুত্ব আর নেশার অন্ধকারে ডুবে গিয়ে সে নিজেকে হারিয়ে ফেলেছে। এখন তার দিন কাটে নেশা আর উদ্দেশ্যহীন ঘোরাঘুরিতে। রাণী প্রথম থেকেই আলোকের চোখে একটা অদ্ভুত শূন্যতা দেখতে পেত। মনে হতো, মানুষটা হাসে ঠিকই, কিন্তু তার ভেতরে কোথাও গভীর কান্না জমে আছে।


একদিন বিকেলে আলোক দোকানে এসে বলল,—রাণীদি, এক কাপ চা দাও তো। রাণী হেসে বলল, —চা তো দেব, কিন্তু তোমার মুখের দিকে তাকালে মনে হয় চায়ের চেয়ে অন্য কিছুর বেশি প্রয়োজন। আলোক মুচকি হেসে বলল, কী প্রয়োজন?


একটু ভালোভাবে বেঁচে থাকার ইচ্ছা, ব্যাস এই আলোক আর কোনো কথা বলল না। চায়ের কাপ হাতে নিয়ে চুপচাপ বসে রইল। সেদিন থেকেই রাণী আলোককে একটু আলাদাভাবে দেখতে শুরু করল।


২. মায়ার শুরু

দিন যেতে লাগল। আলোক প্রায় প্রতিদিনই আসত। কখনো দুপুরে, কখনো সন্ধ্যায়। রাণীও বুঝতে পারত, আলোক শুধু চা খেতে আসে না। সে আসে কিছুক্ষণ কথা বলতে, কারও কাছে নিজের অস্তিত্বটুকু অনুভব করতে।


একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দোকানে খদ্দের ছিল না। আলোক ভিজে কাপড়ে এসে দাঁড়াল। রাণী বলল, এই বৃষ্টিতে বের হয়েছ কেন? একটু অপেক্ষা করতে পারতে। আলোক বলল, অপেক্ষা করার মতো মানুষ তো আমার জীবনে কেউ নেই। কথাটা শুনে রাণীর বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে চুলার পাশে বসতে দিয়ে একটা শুকনো গামছা এগিয়ে দিল। -মাথাটা মুছে নাও। ঠান্ডা লেগে যাবে। আলোক গামছাটা হাতে নিয়ে কিছুক্ষণ রাণীর দিকে তাকিয়ে থাকল। —তুমি সবার জন্য এত ভাবো কেন, রাণীদি? —জানি না। হয়তো আমার জন্য কেউ ভাবে না বলেই অন্যদের জন্য ভাবতে ইচ্ছে করে। সেদিন বৃষ্টির শব্দের মধ্যে দুজন মানুষের একাকিত্ব যেন পাশাপাশি বসেছিল। তারপর থেকে তাদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হলো। আলোক কখনো রাণীর দোকানের বেঞ্চ ঠিক করে দিত। কখনো বাজার থেকে চিনি এনে দিত। দোকানে খদ্দের বেশি হলে গ্লাস ধুয়ে দিত। রাণী এসব দেখে মনে মনে খুশি হতো। কখন যে সে আলোকের জন্য অপেক্ষা করতে শুরু করেছে, নিজেও বুঝতে পারেনি। আলোক না এলে রাণীর মন খারাপ হতো। সন্ধ্যায় রাস্তার দিকে তাকিয়ে থাকত। দূর থেকে আলোকের মতো কাউকে দেখলেই তার বুকের ভেতর কেঁপে উঠত। একদিন আলোক এসে বলল, —রাণীদি, তুমি আমার জন্য এত অপেক্ষা করো কেন?


রাণী একটু লজ্জা পেয়ে বলল, —দোকানে খদ্দেরের অপেক্ষা করি। —মিথ্যা বলছ।


—সব সত্যি কথা মুখে বলতে হয় না। আলোক হেসে উঠল। সেই হাসির মধ্যে রাণী নিজের ভবিষ্যতের কিছু স্বপ্ন খুঁজে পেয়েছিল।


৩. প্রেমের স্বীকারোক্তি

এক সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় আলোক রাণীকে বলল, —রাণীদি, একটা কথা বলব? —বলো।


—তুমি কি কখনো আমাকে নিজের মানুষ ভাবতে পারো? রাণী থমকে গেল। আলোক আবার বলল, আমি জানি, আমার কোনো ভালো পরিচয় নেই। নেশা করি, কাজকর্ম নেই, সমাজে সম্মান নেই। তবু তোমার কাছে এলে মনে হয়, আমি এখনো পুরোপুরি শেষ হয়ে যাইনি। রাণী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মানুষকে ভালোবাসতে হলে তার অতীত দেখতে হয় না, আলোক। তার বর্তমান আর ভবিষ্যৎ দেখার সাহস থাকতে হয়। আলোক রাণীর হাত ধরে বলল, —তাহলে আমাকে ভালোবাসবে? রাণীর চোখে জল এসে গেল। —আমি তো অনেক দিন আগেই তোমাকে ভালোবেসে ফেলেছি। সেদিন কোনো আড়ম্বর ছিল না। ছিল না কোনো ফুল, কোনো উপহার, কোনো আয়োজন। ছিল শুধু দুটি মানুষের নীরব স্বীকারোক্তি। রাণী ভেবেছিল, তার জীবনের দীর্ঘ একাকিত্বের অবসান হতে চলেছে। সে আলোককে বলেছিল, —তুমি যদি সত্যিই আমার পাশে থাকতে চাও, তাহলে নেশাটা ছেড়ে দাও। আমি তোমার কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। শুধু চাই, তুমি সুস্থভাবে বেঁচে থাকো। আলোক মাথা নেড়ে বলেছিল, —তোমার জন্য সব পারব। রাণী সেই কথাটুকু বিশ্বাস করেছিল।


৪. অন্ধকারের কাছে পরাজয়

কিন্তু ভালোবাসা সব সময় মানুষকে বদলে দিতে পারে না। আলোকের নেশার অভ্যাস ছিল অনেক পুরোনো। কয়েক দিন ভালো থাকত, তারপর আবার পুরোনো বন্ধুদের সঙ্গে মিশে নেশায় ডুবে যেত। রাণী বারবার বোঝাত।


—আলোক, তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। আলোক বিরক্ত হয়ে বলত, তুমি সব সময় এত কথা বলো কেন?

—কারণ তোমাকে হারাতে চাই না।

—আমি কি তোমার সম্পত্তি? 


রাণী চুপ করে যেত। একদিন আলোক রাণীর কাছ থেকে টাকা চাইল। রাণী দিতে অস্বীকার করল।

—এই টাকা দিয়ে আবার নেশা করবে। আমি আর টাকা দেব না। আলোক রেগে গিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো, নাকি আমাকে শাসন করতে চাও? রাণী শান্ত গলায় বলল, ভালোবাসি বলেই তোমার ধ্বংস দেখতে পারি না। 


আলোক সেদিন রাগ করে চলে গেল। তারপর কয়েক দিন দোকানে এল না। রাণী প্রতিদিন বিকেলে রাস্তার দিকে তাকিয়ে থাকত। চায়ের পানি ফুটত, চায়ের কাপ সাজানো থাকত, কিন্তু তার মন পড়ে থাকত দূরের রাস্তায়। সপ্তম দিনের সন্ধ্যায় আলোক এল। কিন্তু তার চোখ লাল, শরীর এলোমেলো, মুখে নেশার গন্ধ। রাণী কিছু না বলে এক কাপ চা এগিয়ে দিল। আলোক চা খেতে খেতে বলল, —রাণীদি, তোমার সঙ্গে আমার একটা কথা আছে।


—বলো। —আমাদের সম্পর্কটা আর রাখা সম্ভব নয়।

রাণী প্রথমে কথাটার অর্থ বুঝতে পারল না। —কেন? —আমি তোমাকে ভালোবাসি না।

কথাটা শুনে রাণীর হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। —কী বললে?

—যা বলেছি, তাই। তোমাকে আমি কখনো ভালোবাসিনি। তুমি নিজের মতো করে কিছু ভেবে নিয়েছ।


রাণী কিছুক্ষণ আলোকের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে বলল, —তাহলে এত দিন যে হাত ধরে বলেছিলে ভালোবাসো, সেগুলো কী ছিল? আলোক মুখ ফিরিয়ে নিল।

—আবেগের কথা। সব কথা কি সত্যি হয়? রাণীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল।

—আমার কাছে হয়েছিল, আলোক। আমার কাছে সব সত্যি ছিল। আলোক উঠে দাঁড়াল।

— এসব নিয়ে আর কথা বলতে চাই না। 


সে চলে গেল। রাণী আর তাকে আটকায়নি। কারণ কিছু মানুষকে ধরে রাখার জন্য যতটা শক্তি লাগে, ছেড়ে দেওয়ার জন্য তার চেয়েও বেশি শক্তি লাগে।