শিবগঞ্জে কাটছে না ডেঙ্গু আতঙ্ক, বাড়ছে মৃত্যুর সংখ্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডেঙ্গুর প্রকোপ কমছে না। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। সরকারি হিসাবে উপজেলায় তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, এ সংখ্যা অন্তত ১৫। এদিকে গ্রামাঞ্চলে মশা নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় বাড়ছে উদ্বেগ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় সাদেক আলী (৩৫), ৩০ অক্টোবর নাম-পরিচয় অজ্ঞাত এক ব্যক্তি এবং ১ নভেম্বর নামাটোলা গ্রামের রুনা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। তবে স্থানীয় সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামে একজন নারী ও একজন পুরুষ এবং শাহবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে আরও একজন পুরুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর পর্যন্ত শিবগঞ্জে নতুন করে পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে চারজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে উপজেলায় বর্তমানে কতজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আশপাশে ডাবসহ বিভিন্ন ফলের খোসা, জমে থাকা পানি, আবর্জনা, টিউবওয়েলের পাশের গর্ত এবং পানির ট্যাংক ও ড্রামে মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ রয়েছে। দোকানপাটের আশপাশেও জমে আছে ময়লা-আবর্জনা। এসব স্থানে এডিস মশার লার্ভা জন্মানোর আশঙ্কা থাকলেও গ্রামাঞ্চলে মশা নিধনে দৃশ্যমান তৎপরতা নেই। শুধু পৌর এলাকায় কিছু অভিযান পরিচালনার খবর পাওয়া গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজির আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন এ কে এম সাহাবুদ্দিন জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত জেলায় প্রায় ৪ হাজার ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা চারজন। তবে অন্যান্য সূত্রে মৃত্যুর সংখ্যা ১৫ বলে জানা গেছে। এ সময়ে আটজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে এবং ৫৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৮ জন।
তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণে গত ১ নভেম্বর সদর উপজেলার আরামবাগ এলাকায় আটটি বাড়িতে অভিযান চালানো হয়। এর মধ্যে পাঁচটি বাড়ির পানিভর্তি ড্রামে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের প্রতিষ্ঠান এবং গ্রামাঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।