রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

আট মাস ধরে বন্ধ বিএমডিএর গভীর নলকূপ, অনাবাদি দেড়শো বিঘা জমি

চারঘাট প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ১১:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
আট মাস ধরে বন্ধ বিএমডিএর গভীর নলকূপ, অনাবাদি দেড়শো বিঘা জমি

রাজশাহীর চারঘাটে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির পর আট মাস ধরে বন্ধ রয়েছে সেচ কার্যক্রম। এতে নলকূপটির আওতাধীন প্রায় দেড়শো বিঘা জমিতে চলতি মৌসুমে ধান আবাদ করতে পারেননি শতাধিক কৃষক। সেচের অভাবে জমিগুলো পড়ে রয়েছে অনাবাদি। 


অন্যদিকে, ট্রান্সফরমার চুরির পর নলকূপের দুই চালকের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সভাপতি ও পরিচালক শাহাদত হোসেনের বিরুদ্ধে। এক সপ্তাহের মধ্যে ট্রান্সফরমার কিনে নলকূপ চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও আট মাসেও তা বাস্তবায়ন হয়নি।


উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর মৌজায় অবস্থিত বিএমডিএ’র এই গভীর নলকূপটি প্রায় ২৪ বছর আগে স্থাপন করা হয়। শাহাদত হোসেনসহ শতাধিক কৃষকের শেয়ারে পরিচালিত নলকূপটির মাধ্যমে এলাকার কৃষিজমিতে সেচ দেওয়া হতো। প্রায় আট মাস আগে দুর্বৃত্তরা নলকূপটির তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। এরপর থেকেই বন্ধ রয়েছে সেচ কার্যক্রম।


শনিবার (১৪ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, বিদ্যুতের খুঁটি দাঁড়িয়ে থাকলেও সেখানে নেই কোনো ট্রান্সফরমার। নলকূপের ঘরে ঝুলছে তালা। চারপাশ আগাছা ও জঙ্গলে ছেয়ে গেছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সেচ প্রকল্পটি অচল পড়ে থাকলেও তা সচল করার দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।


স্থানীয় কৃষকদের অভিযোগ, ট্রান্সফরমার চুরির পর নলকূপের দুই চালক মাজদার আলী ও নওশেদ আলীকে চুরির জন্য দায়ী করে ভয়ভীতি দেখান পরিচালক শাহাদত হোসেন। পরে তাঁদের কাছ থেকে জোরপূর্বক দেড় লাখ টাকা আদায় করা হয়। এক সপ্তাহের মধ্যে নতুন ট্রান্সফরমার কিনে সেচ কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও টাকা নেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


নলকূপের চালক মাজদার আলী বলেন, তিনি ও নওশেদ আলী প্রতিদিনের মতো নলকূপ বন্ধ করে ঘরে তালা দিয়ে চলে যান। পরদিন সকালে এসে দেখেন তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এরপর পরিচালক শাহাদত হোসেন তাঁদের দুজনকে চুরির জন্য দায়ী করে ভয়ভীতি দেখান। এলাকার প্রভাবশালী হওয়ায় তাঁরা প্রতিবাদ করতে পারেননি। বাধ্য হয়ে দেড় লাখ টাকা দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে ট্রান্সফরমার কিনে নলকূপ চালুর কথা থাকলেও আট মাসেও তা হয়নি।


তবে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি শাহাদত হোসেন বলেন, এই সেচ প্রকল্পের সঙ্গে এলাকার শতাধিক কৃষকের জীবিকা জড়িত। আট মাস আগে ট্রান্সফরমার চুরির পর দুই চালকের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়েছে। ট্রান্সফরমার কেনা ও নলকূপ চালুর জন্যই ওই টাকা নেওয়া হয়েছিল। দ্রুত বিএমডিএ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে ট্রান্সফরমারগুলো স্থাপন করা হবে।


নলকূপের সদস্য কৃষক রাসেল বলেন, এই গভীর নলকূপের আওতায় তাঁর পাঁচ বিঘা জমি রয়েছে। আট মাস ধরে সেচ কার্যক্রম বন্ধ থাকায় জমিগুলো অনাবাদি পড়ে আছে। চলতি মৌসুমে এক বিঘা জমিতেও ধান আবাদ করতে পারেননি। ধান উৎপাদন করতে না পারায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। বাজার থেকে চাল কিনে সংসার চালানোর সামর্থ্যও তাঁদের নেই। দ্রুত নলকূপ চালু না হলে তাঁর মতো কৃষকদের আরও বড় ক্ষতির মুখে পড়তে হবে।


বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, একটি সেচ প্রকল্প আট মাস ধরে বন্ধ থাকায় প্রায় ১০০ কৃষকের দেড়শো বিঘা জমি অনাবাদি পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। এতে কৃষকদের শুধু চলতি মৌসুমের ফসলই নষ্ট হয়নি, তাঁদের পারিবারিক আয় ও জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো সেচ নিশ্চিত করা না গেলে কৃষি উৎপাদনব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত প্রকল্পটি সচল করে কৃষকদের চাষাবাদে ফিরিয়ে আনা জরুরি।


বিএমডিএর চারঘাট, বাঘা ও পুঠিয়া সার্কেলের প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি এক মাস আগে এখানে যোগ দিয়েছেন। নলকূপটি আট মাস ধরে বন্ধ এবং সেচের অভাবে কৃষকদের চাষাবাদ ব্যাহত হওয়ার বিষয়টি উদ্বেগজনক। দুই চালকের কাছ থেকে টাকা নেওয়া হলেও ট্রান্সফরমার কেনা হয়নি বলে অভিযোগ পেয়েছেন। বিষয়টি আগে তাঁর জানা ছিল না। এখন খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নলকূপটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।


চারঘাট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (ডিজিএম) আশাদুজ্জামান বলেন, বিএমডিএর পক্ষ থেকে এখন পর্যন্ত তাঁদের কাছে কোনো লিখিত আবেদন দেওয়া হয়নি। এ বিষয়ে কেউ যোগাযোগও করেননি। বিএমডিএ আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।