সাফের সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের
৮৪ মিনিট পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। পাকিস্তানের রক্ষণে একের পর এক আক্রমণ হেনেছে হামজা চৌধুরীর দল। কিন্তু শেষ মুহূর্তে নিজেদের ভুলেই সব স্বপ্ন শেষ। নিজেদের মাঠে ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ৮৫ মিনিটে গোল হজম করে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। ১-০ গোলের জয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
কনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পাকিস্তানের আক্রমণ সামলাতে হয়েছে বাংলাদেশের রক্ষণভাগকে। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুকি ইতোফুসা এবং চোটের কারণে ছিটকে পড়া সাদ উদ্দিনের বদলে খেলেন রহমত মিয়া।
গতিময় ফুটবলে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। দুই দলই গোলের সুযোগ তৈরি করেছে, কিন্তু কেউই জালের দেখা পায়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
২ মিনিটে প্রথম আক্রমণেই বাংলাদেশকে চাপে ফেলে পাকিস্তান। বক্সের বাইরে থেকে আলী উজায়েরের বুলেট গতির শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।
৭ মিনিটে গুছিয়ে ওঠে বাংলাদেশও। বক্সের বাইরে থেকে কাজেম শাহর নেওয়া দুর্বল নিচু শট সহজেই তালুবন্দী করেন পাকিস্তানের গোলকিপার।
১৬ মিনিটে বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করে পাকিস্তান।
২৩ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে শমিত সোমের হেড পেয়ে যান রাকিব। বাঁ পায়ের জোরালো নিচু শট নিলেও গোলকিপারের হাতে লেগে বল পোস্টের নিচে বাধা পায়। পরে বিপদমুক্ত করেন পাকিস্তানের জুনায়েদ আহমেদ।
৩২ মিনিটে কুলিং ব্রেকের পর বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ। জটলার মধ্যে আবদুল সামাদ আজাদকে ঠিকমতো মার্কিং করতে পারেননি তারিক কাজী। বল পেয়ে সামাদের নেওয়া শট পোস্টের নিচে লেগে ফিরে আসে। ফিরতি বল বিপদমুক্ত করেন জিদান ইউসুফ।
৪১ মিনিটে আবারও সুযোগ তৈরি করে বাংলাদেশ। শুকি ইতোফুসার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে এভাবেই বারবার সুযোগ তৈরি করেও হতাশ হতে হয়েছে স্বাগতিকদের।
বিরতির পরও পাকিস্তানের রক্ষণে চাপ ধরে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালায় তারা। বিশেষ করে ইতোফুসার দিক দিয়ে আক্রমণ তৈরি হলেও পাকিস্তানের গোলকিপারকে পরাস্ত করা কঠিন হয়ে পড়ে।
৬১ মিনিটে ফারহান চেষ্টা করেছিলেন। পরের মিনিটেই শুকি ইতোফুসার বদলি হিসেবে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহিম।
৭৬ মিনিটে রহমত মিয়ার জায়গায় মাঠে নামেন বিশ্বনাথ ঘোষ। এর আগে হামজার ফাউলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় পাকিস্তান। সেটি থেকে আদিল নবীর নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন শ্রাবণ। একটু পর হারিস আলীর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
৮২ মিনিটে আবদুল সামাদের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন শ্রাবণ। তবে তিন মিনিট পরই দুর্ভাগ্যজনকভাবে গোল হজম করে বাংলাদেশ। প্রতিপক্ষের একজনের শট তালুবন্দী করেন শ্রাবণ। এরপর লম্বা থ্রো করতে গিয়ে বল তুলে দেন পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে আবদুল সামাদ শেহজাদ বক্সে ঢুকে জিদান ও জায়ানের মাঝ দিয়ে দৃষ্টিনন্দন শটে বল জালে পাঠান। শ্রাবণ ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।
গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। যোগ করা সময়ে জামাল ভূঁইয়া, ফাহামিদুল ও ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামানো হয়। এর আগে মাঠে ফ্লেয়ার উড়লে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলেও সমতা ফেরাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দে মাতে পাকিস্তান।
শেষ দিকে ম্যাচে উত্তেজনার পারদও চড়ে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির উপক্রম হলেও পরিস্থিতি বেশিদূর গড়ায়নি।-বাংলা ট্রিবিউন