১৮ বছর আগের পুনরাবৃত্তি, ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
ফুটবল কখনো কখনো নিষ্ঠুর এক চক্রের নাম। আঠারো বছর আগে ২০০৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভুটানের।
দীর্ঘ দেড় যুগ পর আবারও শেষ চারের মঞ্চে সেই ভারত, প্রতিপক্ষও সেই একই দল। আর দিনশেষে স্কোরবোর্ডে জ্বলল সেই একই ব্যবধান, ২-১!
তবে স্কোরলাইন এক হলেও গল্পটা এবার ভিন্ন।
প্রথমার্ধে ভারতের কাছে অনেকটাই অসহায় থাকা ভুটান বিরতির পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ছড়িয়েছিল রোমাঞ্চ। শেষ পর্যন্ত অবশ্য সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ব্যবহৃত ভিএআরের নাটকীয়তা পেরিয়ে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
ম্যাচের প্রথম ৪৫ মিনিট ছিল ভারতের একচ্ছত্র আধিপত্যের গল্প। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভুটানকে চাপে রাখে ব্লু টাইগার্সরা।
অষ্টম মিনিটেই তার ফল পায় ভারত। সতীর্থের বাড়ানো লং পাস বক্সের ঠিক সামনে দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নেন পিভি বিষ্ণু। এরপর ভুটানের ডিফেন্ডার নিমা ওয়াংদির দুই পায়ের ফাঁক দিয়ে বল বের করে ডান পায়ের নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান তিনি।
শুরুতেই পিছিয়ে পড়া ভুটানের ওপর চাপ আরও বাড়ে ২৭তম মিনিটে। কর্নার থেকে তৈরি হওয়া জটলায় বল পেয়ে ভলিতে শট নেন ভারতের অধিনায়ক চিঙ্গলেনসানা সিং। প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে বল আশ্রয় নেয় জালে। ব্যবধান দাঁড়ায় ২-০।
বিরতির আগেই ম্যাচের ভাগ্য অনেকটা নিজেদের পক্ষে নিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু স্ট্রাইকার সুহাইল আহমদ ভাটের ফিনিশিং ব্যর্থতায় ব্যবধান আর বাড়েনি। বিষ্ণুর ক্রস থেকে পাওয়া সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এ ছাড়া ভুটানের গোলরক্ষক গিয়েলৎশেন জাংপো ও ডিফেন্ডার তেনজিন নরবুর দৃঢ়তায় প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি ভারত।
গ্রুপ পর্বে কোনো জয় ছাড়াই সেমিফাইনালে ওঠা ভুটানকে বিরতির পর যেন নতুন এক দল মনে হচ্ছিল। অধিনায়ক চেনচো গিয়েলৎশেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে বদলে দেন খেলার চিত্র। ভারতের রক্ষণে একের পর এক আক্রমণ চালাতে থাকে হিমালয়ের দেশটি। সেই আক্রমণের ধারাবাহিকতায় সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ব্যবহৃত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তায় ম্যাচে ফেরে ভুটান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চেনচোর প্রচেষ্টা থেকে হেডে বল জালে পাঠান কিনজাং তাশি তোবদেন। শুরুতে সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে হতাশায় ডুবে যায় ভুটান শিবির। তবে ভিএআরে দীর্ঘ যাচাই-বাছাই শেষে রেফারি গোলের সিদ্ধান্ত দিতেই উল্লাসে ফেটে পড়েন ভুটানের খেলোয়াড় ও সমর্থকেরা। ব্যবধান ২-১ হতেই ম্যাচের উত্তাপ বেড়ে যায় বহুগুণ।
সমতা ফেরাতে মরিয়া ভুটানের সামনে বাধা হয়ে দাঁড়ান ভারতের গোলরক্ষক আর্শ আনোয়ার শেখ। চেনচোর একটি ডিফ্লেক্টেড শট কোনোমতে ঠেকিয়ে দলকে বিপদমুক্ত রাখেন তিনি। এর কিছুক্ষণ পর আবারও আলোচনায় আসে ভিএআর। ইরফান ইয়াদওয়াদের ক্রস ভুটানের নিমা ওয়াংদির হাতে লাগলে ভারতের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে ভিএআরে রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত বদলে পেনাল্টি বাতিল করেন তিনি।
পেনাল্টি বাতিল হওয়ায় স্বস্তি ফেরে ভুটান শিবিরে। অন্যদিকে ভারতের কপালে জমে দুশ্চিন্তার ভাঁজ। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও যোগ করা সময়ে দুই গোল হজম করে কোনোমতে ৩-২ ব্যবধানে জিতেছিল ভারত। শেষ দিকে ভুটানের মুহুর্মুহু আক্রমণে সেই শঙ্কাই যেন ফিরে আসে ভারতীয় শিবিরে।
তবে শেষ পর্যন্ত আর কোনো অঘটন ঘটতে দেয়নি ভারত। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। হেরেও লড়াকু পারফরম্যান্সে মাথা উঁচু করে বিদায় নিতে হলো ভুটানকে। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে ভারতের প্রতিপক্ষ কারা হবে, তা নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনালে। আজ রাত সাড়ে ৮টায় একই মাঠে ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
তথ্যসূত্র: বাংলানিউজ