রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

পাকিস্তানের হৃদয় ভেঙে অবিশ্বাস্য জয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

সোনার দেশ ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
পাকিস্তানের হৃদয় ভেঙে অবিশ্বাস্য জয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা
জয়ের পর ভারতের উল্লাস। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

ভারতের অষ্টম উইকেটের পতন হলো যখন, তখনও তাদের প্রয়োজন ৫১ বলে ৮৬ রান। পাকিস্তানের জয় মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু এরপর যা হলো, তা হয়তো কেউ কল্পনাও করেনি। ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী ইনিংস খেললেন মোহিত উল্ভা। শেষ বলে চার মেরে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন ১৮ বছর বয়সি এই ক্রিকেটার।


পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করল ভারত।


ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ফাইনালে উসমান খানের সেঞ্চুরিতে ৫০ ওভারে পাকিস্তান তোলে ৩৩৭ রান। সেই রান ভারত টপকে যায় শেষ বলে।


যুব ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। আগের রেকর্ডও ছিল ভারতের, গত জুলাইয়ে হাম্বানটোটায় শ্রীলঙ্কার ৩২০ রান টপকে জিতেছিল তারা।


শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান। লেগ স্পিনার আহমেদ হুসাইনের প্রথম পাঁচ বলে একটি ওয়াইডসহ আসে ৫ রান। শেষ বলে চাই ৩। অফ স্টাম্পের বাইরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং-অফের পাশ দিয়ে বাউন্ডারিতে বাইরে পাঠিয়ে দেন মোহিত। ডাগআউট থেকে মাঠে ছুটে যায় ভারতের ক্রিকেটাররা। চলতে থাকে তাদের আনন্দ-উল্লাস।


পাঁচ চার ও তিন ছক্কায় ২৬ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক মোহিত। এদিন বল হাতে ৫৭ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও, ব্যাটিং নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন এই পেসার।


নবম উইকেটে মানাল চৌহানের সঙ্গে ৩৫ বলে ৫৭; এরপর শেষ উইকেটে চিগুরুপাতি ভেঙ্কাটার সঙ্গে ১৬ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে দলের জয় নিশ্চিত করেন তিনি। আসরে প্রথমবার খেলতে নেমে ৮ বলে ১১ রানের মূল্যবান ইনিংস খেলেন ভেঙ্কাটা।


ফাইনালে ৬১ বলে ৫৮ রানসহ পাঁচ ম্যাচে ৯০.২৫ গড়ে আসরের সর্বোচ্চ ৩৬১ রান করে টুর্নামেন্ট সেরা পুরস্কার জেতেন ভারতের ব্যাটিং গ্রেট ভিরেন্দার সেওয়াগের ছেলে আরিয়াভির সেওয়াগ। তিনটি ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরি করেন তিনি।


তিন আসর পর যুব এশিয়া কাপে ট্রফি জয়ের স্বাদ পেল ভারত। এই প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন তারা আগে থেকেই। মোট ১৩ আসরের মধ্যে ৯টিরই শিরোপা জিতে রেকর্ডটা আরও সমৃদ্ধ করল দলটি।


অন্যদিকে, শিরোপা ধরে রাখার খুব কাছে গিয়েও হৃদয় ভাঙার যন্ত্রণা সঙ্গী হলো পাকিস্তানের যুবাদের। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার করে শিরোপা জয়ের নজির আছে পাকিস্তান ও বাংলাদেশের।


সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ৩৩৭/৯ (উসমান ১০৭, হায়াম ২১, কাদির ৮০, ইউসুফ ৬৩, হুসাইন ১৭, জাহুর ১০, আব্বাস ২, সায়াম ৭, শাফিক ১১, রিজওয়ানউল্লাহ ৪*, রাজা ০*; মোহিত ৮-০-৫৭-০, পারেশ ১০-০-৬৮-৪, ভেঙ্কাটা ৫-০-৪০-৩, মানাল ৩-০-৪০-০, আরিয়ান ৭-০-৩৬-০, ইয়াশবার্ধান ৬-০-৩৫-০, আর্জুন ৭-০-৪৩-১, ভিনাথ ৪-০-১৪-০)


ভারত অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ৩৩৯/৯ (রাইচান্দানি ৮০, সেওয়াগ ৫৮, ভিনেথ ২৪, আর্জুন ১৬, ইয়াশবার্ধান ৯, দ্রাবিড় ১৯, মানাল ৪৭, আরিয়ান ৯, পারেশ ০, মোহিত ৪৯*, ভেঙ্কাটা ১১*; রাজা ১০-০-৬৫-১, সায়াম ১০-০-৭৯-১, রিজওয়ানউল্লাহ ১০-০-৫৩-৩, শাফিক ১০-০-৫৭-২, হুসাইন ৫-০-৩৮-০, আব্বাস ৫-০-৩৯-১)


ফল: ভারত ১ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মোহিত উল্ভা

ম্যান অব দা টুর্নামেন্ট: আরিয়াভির সেওয়াগ


তথ্যসূত্র: বিডিনিউজ