শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

চারঘাটে আবাসনের ইদগাহ-গোরস্থানের জমিতে ধান ও কলার চাষ

চারঘাট প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন কৃষি
চারঘাট প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
চারঘাটে আবাসনের ইদগাহ-গোরস্থানের জমিতে ধান ও কলার চাষ

রাজশাহীর চারঘাটে হলিদাগাছী আবাসনের ইদগাহ ও গোরস্থানের প্রায় দুই বিঘা জমি দখল করে ধান ও কলার চাষের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এতে শিশুদের খেলাধুলার একমাত্র মাঠটি প্রায় বন্ধ হয়ে গেছে। আবাসন কমিটির পক্ষ থেকে বারবার নিষেধ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও জমি দখলমুক্ত করা যায়নি। উল্টো অভিযোগ করায় হুমকি-ধমকির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন বাসিন্দারা।


সরেজমিনে উপজেলার বানেশ্বর-চারঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত হলিদাগাছী আবাসনে গিয়ে এসব তথ্য জানা যায়। প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে ওঠা আবাসন-১, ২ ও ৩ প্রকল্পে রয়েছে ৫০৪টি ঘর। এসব ঘরে বসবাস করছেন ভূমিহীন পরিবারগুলো। তাঁদের উদ্যোগেই আবাসনের ফাঁকা জায়গায় গড়ে তোলা হয়েছে মসজিদ, ইদগাহ ও গোরস্থান। ইদগাহের মাঠে দুই ইদের নামাজ আদায়ের পাশাপাশি সারা বছর খেলাধুলা করত শিশুরা। কিন্তু মাঠের বড় অংশ দখল হয়ে যাওয়ায় সেই সুযোগ হারিয়েছে তারা।


বাসিন্দাদের অভিযোগ, ইদগাহের প্রায় ১৫ কাঠা জমিতে ধান চাষ করছেন তালতলা এলাকার নূর মোহাম্মদের ছেলে আলমগীর হোসেন। পাশের ১০ কাঠা জমিতে কলাগাছ লাগিয়েছেন আজের আলীর ছেলে রিদয় আলী। একইভাবে সেফাত আলীর ছেলে তফসের আলী দখল করে চাষ করছেন আরও ১২ কাঠা জমি। অভিযোগকারীদের দাবি, এই তিনজনের কেউই আবাসনের বাসিন্দা নন।


আবাসনের বাসিন্দা জহির উদ্দিন বলেন, আগে মাঠে ছেলেমেয়েরা ফুটবল খেলত। এখন মাঠের সামান্য যে অংশ ফাঁকা রয়েছে, সেখানেও খেলতে দেওয়া হচ্ছে না। তিনি জানান, গোরস্থানের ১৫ কাঠা জমি ইজারা দিয়ে পাওয়া ১৫ হাজার টাকা মসজিদের খরচে ব্যয় করা হয়। ইদগাহের জমিও ইজারা দেওয়া গেলে মসজিদ ও ইদগাহের ব্যয় মেটানো সম্ভব হতো। কিন্তু বহিরাগতরা এসে জমি দখল করে চাষাবাদ করছেন।


আবাসনের শিশুরা জানায়, চাঁদা তুলে একটি ফুটবল কিনে তারা স্কুল থেকে ফিরে মাঠে খেলত। একদিন খেলার বল কলাবাগানে চলে গেলে কলাগাছ লাগানো ব্যক্তিরা বলটি কেটে দেন। এরপর থেকে তারা আর মাঠে খেলতে পারছে না।


ইদগাহ কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, বারবার নিষেধ করার পরও জমিতে চাষাবাদ বন্ধ হয়নি। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।


তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন আলমগীর হোসেন। তাঁর দাবি, মন্টু নামে এক ব্যক্তির কাছ থেকে টাকার বিনিময়ে জমি লিজ নিয়ে চাষ করছেন। কাউকে হুমকি-ধমকিও দেননি তিনি। স্থানীয়দের দাবি, মন্টু প্রায় ১৫ বছর ধরে আবাসনে বসবাস করেন না। অন্যদিকে রিদয় আলী ও তফসের আলী মমিন নামে এক ব্যক্তির কাছ থেকে জমি লিজ নেওয়ার কথা জানিয়েছেন। তবে আবাসন কমিটির দাবি, মমিনও গত বছর থেকে সেখানে বসবাস করেন না।


উপজেলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মুনজুর রহমান বলেন, আবাসন পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের অভিযোগ শুনেছেন। বিষয়টি তদন্ত করে উপজেলা ভূমি অফিসে প্রতিবেদন পাঠানো হবে। পরে নির্দেশনা পেলে সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে সরকারি জমি দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।