বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পবায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন
খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পবায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৮ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মদ। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি অফিসের মাধ্যমে সরিষা, মসুর, খেসারি ও অড়হর বীজ বিতরণের ফলে এসব ফসলের আবাদ বাড়বে। প্রণোদনার সুবিধা যাতে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা পান, তা নিশ্চিত করা হচ্ছে। কৃষকেরা এ সহায়তা কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি বলেন, চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করলে সরিষা, মসুর, খেসারি ও অড়হরের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে কৃষকের আর্থিক লাভের পাশাপাশি দেশের কৃষি উৎপাদনও সমৃদ্ধ হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে এ কর্মসূচি সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ৫০০ জন কৃষককে সরিষার বীজ, ৮০০ জনকে মসুরের বীজ, ১০০ জনকে খেসারির বীজ এবং ৩০ জনকে অড়হরের বীজ দেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ফসল চাষের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সারও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে উপজেলার ৮ হাজার ৪৩০ জন কৃষক এ কর্মসূচির আওতায় উপকৃত হচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নুরুন্নবী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহীনুল হক এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।