বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
ঈশ্বরদীতে আগুন ও ৫ জন গুলিবিদ্ধ

তিনদিনেও মামলা করেনি হয়নি : আগুন লুটের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার বিএনপির

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন
তিনদিনেও মামলা করেনি হয়নি : আগুন লুটের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার বিএনপির
গুলিবিদ্ধ ঘটনার পর স্থানীয় যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে বহুল আলোচিত ৫ ছাত্রদল নেতা-কর্মীর গুলিবিদ্ধ হওয়া এবং জামায়াতে ইসলামীর ৪ নেতা ও যুবলীগের এক নেতার বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের কোন ঘটনাতেই এখনো মামলা হয়নি। গতকাল বুধবার উভয় পক্ষের নেতাকর্মী ও ঈশ্বরদী থানার ওসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।


এদিকে জামায়াতে ইসলামীর ৪ নেতা ও একজন যুবলীগ নেতার বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির একাংশ। মঙ্গলবার রাতে শহরের রেলগেটস্থ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এসব ঘটনার সঙ্গে তাদের নেতা-কর্মীরা জড়িত ছিল না বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির একাংশের আহবায়ক ইসলাম হোসেন জুয়েল লিখিত বক্তব্যে ‘ওপেন চ্যালেঞ্জ’ করে বলেন, ‘আওয়ামীলীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’-এ অভিযোগ মিথ্যা।


উপজেলা বিএনপির একাংশের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সেন্টু সরদার, নান্নু রহমান, মনিরুজ্জামান টুটুল সরদার, ইলিয়াস হোসেন এলবাস, আক্কাছ আলীসহ যুবদল, ছাত্রদলের একাংশের অর্ধশতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে এসব ঘটনার প্রতিবাদে শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

অপর দিকে ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু. সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর ৪ নেতার বাড়িতে হামলা, ভাংচুর, ৮টি মোটর সাইকেল ও বাড়ি-ঘরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার ঘটনার সঙ্গে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরাই জড়িত।    


স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে পদ্মা নদীর বালুমহালের আধিপত্য বিস্তার ও স্থানীয় রাজনৈতিক বিরোধের সূত্র ধরে দীর্ঘ দিন ধরে উপজেলার পদ্মা নদীর সাঁড়া, রূপপুর, লক্ষীকুন্ডাসহ নদীপাড়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামীলীগ সমর্থিত কাকনবাহিনীর বিরোধ চলে আসছে। আবার বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে বালুর ব্যবসা নিয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের সঙ্গে বিরোধ রয়েছে। গত সোমবার ৫ ছাত্রদল নেতার গুলিবিদ্ধ হওয়া, হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা এসব বিরোধের কারনে ঘটেছে। ইতোপূর্বে পদ্মানদীর এই এলাকায় বেশ কয়েকবার বন্দুক যুদ্ধ, গোলাগুলি, হামলা পাল্টা হামলায় আহত নিহতের ঘটনাও ঘটেছে। 


মামলা ও অন্যান্য বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ গতকাল বুধবার বলেন, গোলাগুলি ছাড়াও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। জামায়াতে ইসলামীর ৪ নেতা ও যুবলীগ নেতার বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে তবে এসব ঘটনাতে কোন পক্ষ থানায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। তিনি বলেন আমরা অপেক্ষায় আছি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে আইনি পদক্ষেপ গ্রহণ করার।