বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

নওগাঁয় ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত চান মোতাওয়াল্লি পরিবারের সদস্য

নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৬ ০২:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৬ ০২:০২ অপরাহ্ন
নওগাঁয় ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত চান মোতাওয়াল্লি পরিবারের সদস্য

নওগাঁর ধামইরহাটে পীরোত্তর জঙ্গলি পীর সাহেব ওয়াকফ এস্টেটের সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সম্পত্তি দখল, দোকানঘর নির্মাণ ও ভাড়া আদায়ের অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মোতাওয়াল্লি পরিবারের সদস্য দেওয়ান তুষার আহমেদ। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের বিরুদ্ধে পক্ষপাতমূলক তদন্তের অভিযোগও করেছেন তিনি। তাঁর দাবি, সম্পত্তির প্রকৃত মালিকানা ও দখলসংক্রান্ত কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করতে হবে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি ও অভিযোগ তুলে ধরেন দেওয়ান তুষার আহমেদ।


লিখিত বক্তব্যে তিনি বলেন, ধামইরহাট উপজেলার ফতেহপুর মৌজার ১০১ নম্বর খতিয়ান ও ১৪৮ নম্বর জেএলভুক্ত পীরোত্তর জঙ্গলি পীর সাহেব ওয়াকফ এস্টেটের সম্পত্তির মূল দলিল এবং দখলসংক্রান্ত কাগজপত্র তাঁদের অনুকূলে রয়েছে। ১৯৬২ সালের ওয়াকফ অধ্যাদেশ অনুযায়ী সম্পত্তিটি ওয়াকফ হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। তবে প্রতিপক্ষ মো. ছাবদুল হোসেনের পক্ষ থেকে মালিকানার দাবিতে আরএস খতিয়ান দেখানো হচ্ছে। তাঁদের অভিযোগ, বিভিন্ন সময়ে সংশোধিত ওই খতিয়ানে সম্পত্তির প্রকৃত মালিকানা ও অংশের বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি।


দেওয়ান তুষার আহমেদ অভিযোগ করেন, তাঁদের পূর্বপুরুষদের আমলে সংশ্লিষ্ট জমির একাংশ ধানিজমি ও রাস্তার পাশে ছিল। পরবর্তী সময়ে রাস্তা প্রশস্ত হওয়ার কারণে জমির অবস্থার পরিবর্তন ঘটে। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন সেখানে দোকানঘর নির্মাণ করে ভাড়া আদায় করছেন। অথচ ওই সম্পত্তিতে তাঁদের পরিবারেরও স্বত্ব ও অংশ রয়েছে বলে দাবি করেন তিনি।


সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধের বিষয়ে তিনি বলেন, ২০১৬ সালে আরএস খতিয়ান বাতিলের জন্য আদালতে মামলা করা হয়। ২০১৮ সালে সম্পত্তির একটি অংশের বিষয়ে ছানি মামলাও করা হয়েছে। এসব মামলা এখনো নিষ্পত্তি হয়নি। অন্যদিকে প্রতিপক্ষ ২০১৬ সালে ওয়াকফ কার্যালয়ে আরএস খতিয়ান তালিকাভুক্ত করার আবেদন করেছিলেন বলে দাবি করেন তিনি।


সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ওয়াকফ এস্টেটের সম্পত্তি উদ্ধার ও দখলমুক্ত করার জন্য ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন করা হলেও উপজেলা ভূমি প্রশাসনের তদন্তে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। তদন্তে প্রতিপক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হলেও তাঁদের বক্তব্য যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তদন্তের নথিপত্র দেখতে গিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে অসহযোগিতার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


তাঁর আরও দাবি, ২০২৬ সালে তদন্তের জন্য ওয়াকফ কার্যালয় থেকে দুই পক্ষকে চিঠি দেওয়ার কথা থাকলেও তাঁদের কাছে কোনো চিঠি পৌঁছায়নি। এ কারণে তদন্তের প্রক্রিয়া ও প্রতিবেদন নিয়ে তাঁদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তদন্তের কাগজপত্র ব্যবহার করে প্রতিপক্ষ সম্পত্তির ওপর নিজেদের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।


দেওয়ান তুষার আহমেদ বলেন, সম্পত্তির মালিকানা ও দখলসংক্রান্ত সব দলিলপত্র যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। তাই ওয়াকফ এস্টেটের প্রকৃত মালিকানা, সম্পত্তির দখল, দোকানঘর নির্মাণ ও ভাড়া আদায়ের বিষয়গুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


এ বিষয়ে ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজের বক্তব্য জানতে তাঁর ০১৭২০-২৪৩৭৬৭ মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।