পোরশায় পুলিশ হেফাজত থেকে পালালো চোর
নওগাঁর পোরশায় পুলিশ হেফাজত থেকে সাগর হোসেন (২৯) নামের এক চোর পালিয়েছে। সে নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল রাইতারা গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাপ্তাহিক হাট গাঙ্গুরিয়া বাজারে অটোভ্যান চুরির সময় স্থানীয় জনতা সাগর হোসেনকে আটক করেন। এসময় স্থানীয় জনতা তাকে গনপিটুনি দেয়। খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাগর হোসেনকে আটক করে। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় থানা পুলিশ। সেখানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন তিনি। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গতকাল বুধবার ভোরে সাগর হোসেন হাসপাতাল থেকে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, আমরা পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।