আওয়ামী লীগের সাবেক এমপিসহ ৯ জনের বাড়িতে আগুন
নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাড়িসহ অন্তত নয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতার নাম আবু বকর রানা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালানো হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার পর প্রথমে অভিযুক্ত নিষিদ্ধ যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, তার ভাতিজা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী আমানুর রশীদ খান জুয়েল, তার ভাই যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট আকসানুর রশীদ খান লিটন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার, ময়মনসিংহ মেডিকেলের স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. ওয়াহিদুর রহমান ছোটন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নিজাম উদ্দিনের বাড়িসহ অন্তত ৯ বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এতে আহমেদ হোসেনের বাড়িতে দুটি আধাপাকা ভবন, আমানুর রশীদ খান জুয়েলের বাড়িতে একটি তৃতীয়তলা ঘরসহ চারটি আধাপাকা ঘর, আবুল বাশারের দোতলা ভবন, ফয়জুর রহমান ঝুন্টুর বাড়িতে তৃতীয়তলা ভবন, মুন্তাসির মাসুদ খান ফাহিমের বাড়িতে আধাপাকা দুটি ভবন, রফিকুল ইসলামের আধাপাকা দুটি ঘর লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।
আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান মুঠোফোনে অভিযোগ করে বলেন, বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিত এসে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। কারা অগ্নিসংযোগে জড়িত তা তিনি জানেন না উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীদের এ ধরনের তৎপরতা থেকে শান্ত ও বিরত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিল। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করে।
ওসি আরও জানান, হামলার জেরে রফিক নামের ওই যুবলীগ নেতার বাড়িতে উত্তেজিত জনতা আগুন দিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।
এর আরও কিছুক্ষণ পর উত্তেজিত জনতারা সাবেক এমপি আহমদ হোসেন, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগের নেতা আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ নয়টি বাড়িতে অগ্নিসংযোগ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় আহত যুবদল নেতা আবু বকর রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়িঘরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তথ্যসূত্র: জাগোনিউজ