জাতীয় সঞ্চয় ব্যুরো কর্তৃক ব্যাংক পরিবর্তন প্রক্রিয়া স্থগিত, বিপাকে শত শত সঞ্চয়পত্র ক্রেতা

বিশেষ প্রতিনিধি , চাঁপাইনবাবগঞ্জ :
সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত ইন্টারেস্ট ক্রেতাদের প্রার্থিত ব্যাংকে পাঠানো হলেও কিছু ব্যাংক সেই টাকা দিতে পারছে না। ফলে শত শত সঞ্চয়পত্র ক্রেতা ব্যাংক পরিবর্তনের আবেদন করে জাতীয় সঞ্চয় ব্যুরোর কাছে। যথারীতি এই ব্যাংক পরিবর্তনের প্রক্রিয়াটি অব্যাহত ছিল। কিন্তু হঠাৎ করে নভেম্বর মাস থেকে স্থগিত করেছে জাতীয় সঞ্চয় ব্যুরো।
ফলে শত শত সঞ্চয়পত্র ক্রেতা ভীষণ সমস্যায় পড়েছেন। বিশেষত যারা সঞ্চয়প্ত্রের ইন্টারেস্টের উপর নির্ভরশীল । যাদের আয়ের অন্য কোনো উৎস নেই। ইন্টারেস্টের টাকাতেই সংসার নির্বাহ করেন। তারা অর্থকষ্টে ভুগছেন । এসব সঞ্চয়পত্র ক্রেতা সঞ্চয়পত্র অফিস ও পোস্ট অফিসের নিয়মনীতি মেনে অন্য ব্যাংকে কমপক্ষে ৫০০ টাকা দিয়েই নতুন অ্যাকাউন্ট খুলে ওএমআইসিআর চেক সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট জমা দিয়ে আবেদন করেন। যথারীতি আবেদন গুলো জাতীয় সঞ্চয় ব্যুরো অফিসে পাঠানো হয়েছে। কিন্তু জাতীয় সঞ্চয় ব্যুরোর স্থগিত ঘোষণা এসব ক্রেতাদের বিপাকে ফেলেছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পোস্ট মাস্টার জানান, ব্যাংক পরিবর্তনের প্রক্রিয়াটি জাতীয় সঞ্চয় ব্যুরো কয়েকদিন পূর্বে স্থগিত করেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী সঞ্চয়পত্র ক্রেতা মমতাজ মহল, আয়েসা আক্তার , সাহাদাত হোসেন, সামসুল ইসলাম, ডাব্লু কুমার ঘোষ অতিসত্ত্বর এই ব্যাংক পরিবর্তন প্রক্রিয়াটি সচল করা জোর দাবী জানিয়েছেন #