শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

WP Import ১৯ ডিসেম্বর ২০২৫ ১১:৩৯ অপরাহ্ন
WP Import ১৯ ডিসেম্বর ২০২৫ ১১:৩৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে আগুন দিল পুলিশ বক্সে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে পুলিশ বক্স, ফাঁড়ি ও মোটরসাইকে আগুন দেয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোলাডাঙ্গা এলাকার শাহ আলমের ছেলে রিফাত (১৯) ও জোড়বাগান এলাকার আশরাফুলের ছেলে সোহাগ আলী (২০)। ঘটনার প্রায় সাড়ে চার ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রিফাতের মরদেহ নিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের সার্কিট হাউস মোড়ে রিফাত ও সোহাগের বহনকারী মোটরসাইকেল থামানোর সংকেত দেন-ট্রাফিক পুলিশের সদস্যরা। পুলিশের সংকেত উপেক্ষা করে তারা দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।
আর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান। বর্তমানে নিহত দুজনের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত সোহাগের বাবা আশরাফুল ইসলাম বলেন, ‘ধাওয়া খেয়ে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে রিফাত ও সোহাগের মৃত্যু হয়েছে।’
জানা গেছে- ট্রাকটি সোনামসজিদ থেকে রাজশাহীর দিকে যাচ্ছি। ঘটনার পরে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের উপর একজনের মরদেহ রেখে অবরোধ করে। পরে বিশ্বরোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালায়। এসময় পুলিশ বক্সের আসবাবপত্র বাইরে এনে আগুন জ্বলিয়ে দেয়।

অন্যদিকে, ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকার পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা। সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুনে দেয়া হয়। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংঘর্ষের পরে চালক ট্রাকটি নিয়ে পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।