শীত নামার আগেই ফুটপাতে কেনাকাটার ব্যস্ততা
রাজশাহীতে এখনো হাড়কাঁপানো শীত না নামলেও ভোরের হালকা কুয়াশা আর সন্ধ্যার হিমেল বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ঋতু পরিবর্তনের এই ছোঁয়ায় নগরীর ফুটপাতের শীতবস্ত্রের বাজারে বাড়তে শুরু করেছে ক্রেতাদের আনাগোনা। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে নগরীর কুমারপাড়া থেকে সাহেববাজার জিরোপয়েন্ট পর্যন্ত বসা ‘হলিডে মার্কেট’ ঘিরে তৈরি হয়েছে কেনাকাটার উৎসবমুখর পরিবেশ। শুক্রবার নগরীর বড় কিছু বিপণিবিতান ও শোরুমগুলো বন্ধ থাকায় এই একদিনের অস্থায়ী বাজারেই ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
ভোরের আলো ফুটতেই ভ্যানগাড়ি ও অস্থায়ী চৌকি কিংবা নিচে সারিসারিতে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসছেন মৌসুমি ব্যবসায়ীরা। দোকানের বিক্রয়কর্মীদের পাশাপাশি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী সহ কম দামি ও স্টক লটের পোশাক নিয়ে হাজির হচ্ছেন এখানে। মূল সড়কের দুই পাশ ছাড়িয়ে পুরাতন নাটোর রোড, গণকপাড়া, মুড়িপট্টি ও আরডিএ মার্কেটের সামনের ফুটপাতজুড়ে সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের দরদামে মুখর হয়ে উঠছে চারপাশ, যা চলে রাত আটটা-নয়টা পর্যন্ত। সকাল-বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বলতে গেলে প্রায় সবসময়ই ক্রেতাদের এই ভিড় আরও বাড়তে থাকে।
এবারের হলিডে মার্কেটে পুরোনো বা সেকেন্ড হ্যান্ড পোশাকের পাশাপাশি রয়েছে নতুন গার্মেন্টস পণ্যেরও সমাহার। ফুটপাতের এসব দোকানে শীতের কানটুপি, মাফলার ও হাত-পায়ের মোজা মিলছে মাত্র ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে। শিশুদের রঙবেরঙের সোয়েটার, কার্ডিগান ও পাতলা জ্যাকেট পাওয়া যাচ্ছে ১০০ থেকে ৩৫০ টাকায়। এছাড়া বড়দের ফুলহাতা গেঞ্জি, সোয়েটার ও হুডি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৬০০ টাকার মধ্যে, আর একটু ভারী জ্যাকেট ও ব্লেজার মিলছে ৩০০ থেকে ৯০০ টাকার মধ্যেই। মেয়েদের শাল, চাদর ও কার্ডিগানের দামও থাকছে দেড়শ থেকে পাঁচশ টাকার ভেতরে।
কম দামে ভালো মানের পোশাক পাওয়ার আশায় শুধু নিম্ন ও মধ্যবিত্তরাই নন, অনেক সচ্ছল পরিবার ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে আসছেন এই মার্কেটে। সাহেববাজার এলাকায় মেয়ের জন্য সোয়েটার কিনতে আসা এক ক্রেতা জানান, বড় শোরুমগুলোতে যে জ্যাকেট বা সোয়েটারের দাম দেড় থেকে দুই হাজার টাকা, এখানে একটু সময় নিয়ে দেখেশুনে কিনলে তিনশ থেকে পাঁচশ টাকার মধ্যেই বেশ টেকসই ও সুন্দর পোশাক পাওয়া যায়। দামের এই সাশ্রয়ী সুবিধার কারণেই অনেকেই শীত জেঁকে বসার আগেই কেনাকাটা সেরে নিচ্ছেন।
হলিডে মার্কেটে বন্ধুদের সঙ্গে শীতের পোশাক কিনতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, আমাদের মতো শিক্ষার্থীদের জন্য হাতখরচের টাকা বাঁচিয়ে বড় শোরুম থেকে কেনাকাটা করা বেশ কঠিন। কিন্তু শুক্রবারের এই মার্কেটে এলে খুব কম বাজেটের মধ্যেই ট্রেন্ডি ও দারুণ সব হুডি আর সোয়েটার পাওয়া যায়। দরদাম করে নিজের পছন্দমতো পোশাক বেছে নেওয়ার মজাটাই আলাদা।
অন্যদিকে ভালো বেচাকেনা হওয়ায় খুশি মৌসুমি ব্যবসায়ীরাও। কুমারপাড়া এলাকার বিক্রেতারা বলছেন, এখন দিনের বেলা হালকা রোদ থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ফলে ক্রেতারা এখন বাচ্চাদের কাপড় ও হালকা শীতের পোশাকই বেশি কিনছেন। আগামী কয়েক সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়লে বেচাকেনা দ্বিগুণ হয়ে যাবে বলে আশা করছেন তারা। সব মিলিয়ে সাধ্য আর সাধের মেলবন্ধনে প্রতি শুক্রবারের এই হলিডে মার্কেট হয়ে উঠেছে রাজশাহীবাসীর শীত নিবারণের অন্যতম প্রধান ভরসাস্থল।