প্রথমবার রাজশাহীতে আসছেন আজহারী, মাহফিলে ব্যাপক প্রস্তুতি
জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিল ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শুরু হবে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম। আয়োজকদের প্রত্যাশা, এতে লাখো মানুষের সমাগম হবে।
আজহারীর প্রথমবারের মতো রাজশাহীতে তাফসির মাহফিলে অংশ নেওয়ার খবরে নগরীসহ আশপাশের জেলাগুলোর মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সম্ভাব্য জনসমাগম সামাল দিতে মাঠে স্থাপন করা হয়েছে ১৫টি বড় এলইডি ডিসপ্লে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে মনিটরিং ব্যবস্থা। জরুরি চিকিৎসাসেবায় প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল টিম এবং শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক।
আয়োজকদের প্রতিনিধি ইমাজ উদ্দিন মন্ডল জানান, মাহফিল আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শৃঙ্খলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত জসিম উদ্দীন সরকার বলেন, অংশগ্রহণকারীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নারী অংশগ্রহণকারীদের জন্য পাশের হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। সভাপতিত্ব করবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর।