পদ্মায় বালু তোলার দায়ে ২ লাখ টাকা জরিমানা
রাজশাহীর বাঘায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শাহজামাল (৫০) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার চকরাজাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযানে এ দণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায়ও করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে পদ্মা নদীর আতারপাড়া, চৌমাদিয়া চর ও লক্ষ্মীনগর মৌজায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা করা হয়। মামলায় অভিযুক্ত শাহজামালকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদার।
দণ্ডপ্রাপ্ত শাহজামালের বাড়ি বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানে বাঘা থানা পুলিশ, আনসার, বিজিবি ও নৌপুলিশের প্রায় অর্ধশত সদস্য অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।