বিড়ালদহ কলেজে আকস্মিক শিক্ষামন্ত্রী, ক্লাসে পেলেন একজন শিক্ষার্থী!
শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে হবে
শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শনে পুঠিয়ার বিড়ালদহ কলেজের শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী পাওয়ার ঘটনা আমাদের শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। একটি কলেজে শিক্ষক উপস্থিত, নির্ধারিত সময়ে ক্লাসও হওয়ার কথা, অথচ শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি নেই বললেই চলে। এমনকি ১৫ জন শিক্ষার্থীর একটি শ্রেণিতে পাওয়া গেছে মাত্র একজনকে। অন্য শ্রেণিকক্ষগুলোতেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল হাতেগোনা। প্রশ্ন হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান নিশ্চিত করার দায়িত্ব যাদের, তারা কি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন?
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আকস্মিক পরিদর্শনে এমন চিত্র ধরা পড়া নিঃসন্দেহে উদ্বেগজনক। শিক্ষার্থীরা কেন নিয়মিত ক্লাসে আসছে না, সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যাও পাওয়া যায়নি। বরং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আনতে ফোন করতে হয় বলে একজন শিক্ষকের বক্তব্য পরিস্থিতির গভীরতা আরও স্পষ্ট করেছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে যদি শিক্ষকদের বারবার ফোন করতে হয়, তাহলে সেখানে পাঠদানের পরিবেশ ও শিক্ষার্থীদের জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তবে এই সমস্যার দায় শুধু শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিলে চলবে না। শিক্ষার্থীদের অনুপস্থিতির পেছনে কী কারণ রয়েছে, তা খুঁজে বের করা জরুরি। পাঠদানের মান, শিক্ষকদের আন্তরিকতা, শ্রেণিকক্ষের পরিবেশ, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ—সবকিছুই এখানে বিবেচনায় নিতে হবে। বিশেষ করে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফেরাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আমাদের মনে রাখতে হবে, একটি কলেজের মূল উদ্দেশ্য শুধু শিক্ষার্থী ভর্তি করা কিংবা পরীক্ষার জন্য নিবন্ধন করানো নয়; বরং শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা নিশ্চিত করা। শিক্ষক উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষ শিক্ষার্থীশূন্য থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। শিক্ষকদের দায়িত্ব কেবল নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানে আসা নয়, শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহী করে তোলা এবং নিয়মিত ক্লাস পরিচালনা করাও তাদের পেশাগত দায়িত্বের অংশ।
এ ক্ষেত্রে শিক্ষা প্রশাসনের নজরদারি আরও কার্যকর করা জরুরি। শিক্ষামন্ত্রী পরিদর্শনের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালককে কলেজটির পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন। এটি সময়োপযোগী পদক্ষেপ। তবে শুধু নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করা যাবে না। নিয়মিত পরিদর্শন, উপস্থিতির তথ্য যাচাই, অনুপস্থিতির কারণ অনুসন্ধান এবং প্রয়োজন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলা থাকলে তারও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফেরাতে অভিভাবকদের সম্পৃক্ত করতে হবে। যারা দীর্ঘদিন অনুপস্থিত, তাদের তালিকা তৈরি করে কারণ অনুসন্ধান করা প্রয়োজন। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে। প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে।
বিড়ালদহ কলেজের এই ঘটনা যেন কেবল একটি আকস্মিক পরিদর্শনের খবর হয়েই সীমাবদ্ধ না থাকে। রাজশাহীসহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পাঠদান ও শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা দরকার। কারণ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর অনুপস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এটি শিক্ষার মান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রস্তুতির সঙ্গেও সম্পর্কিত।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের উপস্থিতি নিশ্চিত করতে হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে শ্রেণিকক্ষে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন কেবল কাগজে-কলমে সচল না থাকে, বরং সেখানে নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়—এটাই হোক শিক্ষা প্রশাসনের অঙ্গীকার।