বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

খেজুরের গুড়ে ভেজাল

সোনার দেশ ২৫ নভেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ২৫ নভেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
খেজুরের গুড়ে ভেজাল

প্রয়োজন কঠোর নজরদারি, অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা

শীত এলেই বাঙালির খাবারের তালিকায় বিশেষ জায়গা করে নেয় খেজুরের গুড়। পিঠা-পায়েস থেকে শুরু করে নানা রকম মিষ্টান্ন তৈরিতে খেজুরের গুড়ের জুড়ি নেই। বিশেষ করে রাজশাহীর বাঘা, চারঘাট ও পুঠিয়ার খেজুরের গুড়ের রয়েছে আলাদা সুনাম ও ঐতিহ্য। কিন্তু সেই ঐতিহ্য এখন ভয়াবহ ভেজালের কবলে। খেজুরের রস ছাড়াই চিনি, চিটাগুড়, আটা, কাপড়ের রং, রাসায়নিক উপাদান ও কৃত্রিম ফ্লেভার মিশিয়ে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ গুড়। আরও উদ্বেগের বিষয়, এসব ভেজাল গুড় বাজারজাত হচ্ছে খাঁটি খেজুরের গুড়ের পরিচয়ে।


এটি শুধু ভোক্তাদের সঙ্গে প্রতারণা নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। বিশেষ করে শিশুদের খাবারে এ ধরনের অনিরাপদ গুড় ব্যবহার করা হলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট চিকিৎসকেরাও বলছেন, রাসায়নিক মিশ্রিত গুড় খেলে পেটের নানা সমস্যা, ডায়রিয়া ও অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে।


সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, ভেজাল গুড়ের এই দৌরাত্ম্যে প্রকৃত গাছিরা তাদের ন্যায্য মূল্য ও বাজার হারাচ্ছেন। একদিকে খাঁটি গুড় তৈরিতে গাছিদের প্রচুর শ্রম ও সময় ব্যয় করতে হয়, অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা রাতারাতি বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরি করে বাজার দখল করছেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সৎ উৎপাদক ও সাধারণ ভোক্তা—উভয়ই। একই সঙ্গে হারিয়ে যাচ্ছে খেজুরের গুড়ের স্বাভাবিক স্বাদ, ঘ্রাণ ও ঐতিহ্য।


প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করা হলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে না। অভিযানের পরদিনই আবার কারখানা চালু হওয়ার অভিযোগ উঠেছে। এতে স্পষ্ট হয়, শুধু জরিমানা করে এই অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত নজরদারি, কঠোর আইন প্রয়োগ এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা।


আমরা মনে করি, ভেজাল গুড় উৎপাদনের কারখানাগুলো চিহ্নিত করে স্থায়ীভাবে বন্ধ করতে হবে। উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর উপাদান জব্দ ও ধ্বংস করতে হবে। পাশাপাশি ভেজাল গুড়ের সরবরাহব্যবস্থা, পাইকারি বিক্রেতা ও বাজারজাতকারীদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। শুধু উৎপাদনস্থলে অভিযান চালালেই চলবে না, বাজার পর্যায়েও নিয়মিত নমুনা পরীক্ষা ও তদারকি নিশ্চিত করতে হবে।


এ ক্ষেত্রে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগ জরুরি। প্রকৃত গাছিদেরও প্রণোদনা, প্রয়োজনীয় সহায়তা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে, যাতে তারা ভেজালকারীদের সঙ্গে অসম প্রতিযোগিতায় হারিয়ে না যান।


ভোক্তাদেরও সচেতন হতে হবে। অস্বাভাবিক কম দামে বিক্রি হওয়া কিংবা সন্দেহজনক রং, ঘ্রাণ ও স্বাদের গুড় কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তবে শুধু দেখে বা স্বাদ নিয়ে খাঁটি-ভেজাল নিশ্চিত হওয়া সম্ভব নয়। তাই পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরই।


খেজুরের গুড় রাজশাহীর ঐতিহ্য, কৃষকের জীবিকা এবং এই অঞ্চলের শীতকালীন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। মুনাফার লোভে এই ঐতিহ্যকে বিষাক্ত পণ্যে পরিণত হতে দেওয়া যায় না। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে একদিকে জনস্বাস্থ্য বিপন্ন হবে, অন্যদিকে হারিয়ে যাবে খাঁটি খেজুরের গুড়ের সুনাম। তাই প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা—অভিযান যেন লোকদেখানো না হয়, বরং ভেজালমুক্ত গুড়ের বাজার নিশ্চিত করতে ধারাবাহিক ও কঠোর পদক্ষেপ নেওয়া হোক। মানুষের খাবার নিয়ে প্রতারণার কোনো সুযোগ থাকা উচিত নয়।