বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

নগরীতে অস্ত্র নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, টিয়ারগ্যাস নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
নগরীতে অস্ত্র নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, টিয়ারগ্যাস নিক্ষেপ

রাজশাহীতে এক যুবককে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগে নেতা দাবি করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।


বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, রাতভর দুই পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও এই সংঘর্ষে মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন ও যুগ্ম আহবায়ক সাফায়েত হোসেন মান্নাত আহত হয়েছেন। ঘটনাটি লিমন ও মান্নাত গ্রুপের সঙ্গে হয়েছে।


এ ঘটনার জেরে বুধবার সাফায়েত হোসেন মান্নাত ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এদিকে ২৫ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাত এবং রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


সাফায়েত হোসেন মান্নাত বলেন, নগরীর টিবি পুকুর এলাকায় আমার চাচাতো ভাই ফুডকার্টে বসে নাশতা করছিল। এই সময় ২০-৩০ জন এসে ভাইয়ের পাশে থাকা এক ছেলে ছাত্রলীগ দাবি করে ধরে। সে সময় আমার চাচতো ভাইকেও মারধর করা হয়। তাকেও পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়।


তিনি আরও বলেন, বিষয়টি আমি সেখানে গেলে তারা চলে যায়। পরে আমার ভাইকে নিয়ে জাদুঘর মোড়ে এসে চা খাচ্ছিলাম। এসময় লিমনের নেতৃত্বে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার বেশ কিছু যায়গায় আঘাত লেগেছে। আমাদের ওপরে হামলা দেখে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে আমাদের পাঠিয়ে দেয়।


তিনি অভিযোগ করেন, আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার চাচাতো ভাই বিএনপি থেকে প্রতিবার পোলিং এজেন্ট হয়। কিন্তু তারা আমার চাচাতো ভাইকে ছাত্রলীগ দাবি করে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছে। যারা এখন ছাত্রদলের রাজনীতি করছে আগে তাদের কখনোই দেখা যায়নি। রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে পৌঁছালে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তাঁর চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।


ইমদাদুল হক লিমনের দাবি, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর আক্রমণ করেন। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। নিজ দলের নেতাকর্মীদের ওপর একজন ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।


সংঘর্ষের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।


পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন বলেন, রাত থেকে দুই পক্ষকে শান্ত থাকতে জানানো হয়েছে। বিষয়টি কেন্দ্রে জানিয়েছি। আমরা সমাধানেরও চেষ্টা করছি।


এবিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। পুলিশ শুধু একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে, অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি।