ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর মিঞাপাড়ার পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি এবং অবশিষ্ট জমি ও স্থাপনা সংরক্ষণের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীসহ চলচ্চিত্রকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, শিল্পী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে পাঁচ দফা দাবি ও প্রস্তাব তুলে ধরেন তাঁরা।
স্মারকলিপির অনুলিপি ভূমি, সংস্কৃতি বিষয়ক, তথ্য ও সম্প্রচার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নির্মাতা। তাঁর নির্মিত ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘সুবর্ণরেখা’ ও ‘তিতাস একটি নদীর নাম’ বিশ্ব চলচ্চিত্রের অমূল্য সম্পদ। দেশভাগের কারণে তাঁর পরিবার কলকাতায় চলে যাওয়ার আগপর্যন্ত রাজশাহীর মিঞাপাড়ার পৈতৃক বাড়িতেই কেটেছে তাঁর শৈশব, কৈশোর ও তারুণ্যের শুরুর সময়। তাই বাড়িটি শুধু ব্যক্তিগত সম্পত্তি নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০০৮ সাল থেকে ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদ এই বসতভিটার পাশে তাঁর জন্মদিন উপলক্ষে চলচ্চিত্র উৎসব, সম্মাননা পদক প্রদানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে আসছে। ২০১৯ সালে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য বাড়িটির একটি অংশের দেয়াল ভাঙতে শুরু করলে দেশ-বিদেশে প্রতিবাদ হয়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে ভাঙার কাজ বন্ধ হয়।
২০২১ সালে জেলা প্রশাসনের উদ্যোগে বসতভিটার অবশিষ্ট অংশ সংরক্ষণের জন্য ৫১ লাখ ৫৬ হাজার ৪০১ টাকা ৬২ পয়সার প্রাক্কলন তৈরি করা হলেও অর্থ বরাদ্দের অভাবে কাজ বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৯ এপ্রিল জেলা প্রশাসক অবশিষ্ট বসতভিটাসহ ০.১৬০৩ একর জমি সংরক্ষণের উদ্যোগ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে জমিটি অবমুক্ত করার আবেদন জানান।
তবে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী কয়েক দিনের মধ্যে বসতভিটার অবশিষ্ট কক্ষগুলো ভেঙে ফেলা হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও ২২ আগস্ট প্রকাশিত তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ উপেক্ষা করা হয়েছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। তদন্তপ্রক্রিয়ায় স্বার্থসংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়েছে।
এদিকে, গত ১৭ নভেম্বর আবারও বসতভিটার অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা করা হয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা বাধা দিলে শ্রমিকেরা জায়গাটি পরিষ্কারের নির্দেশ পাওয়ার কথা জানান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিষ্কারের নামে স্থাপনাটির একটি দেয়ালের উল্লেখযোগ্য অংশ ভেঙে ফেলা হয়েছে।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বসতভিটা বারবার ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করা; অবশিষ্ট ০.১৬০৩ একর জমি সংরক্ষণ করে চলচ্চিত্রকেন্দ্র প্রতিষ্ঠার জন্য দ্রুত জমি অবমুক্ত করা; ১৯৮৭-৮৮ সালের দিকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুকূলে দেওয়া জমির ইজারা পুনর্বিবেচনা ও বাতিল করা; জমির চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ, সংরক্ষিত এলাকার সাইনবোর্ড ও প্রবেশপথে গেট স্থাপন করা।
এ ছাড়া সেখানে বহুতল ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণ করে ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র ও ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি চলচ্চিত্র সংগ্রহশালা, সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, প্রদর্শনী গ্যালারি, চলচ্চিত্রবিষয়ক গবেষণাগার ও গ্রন্থাগার প্রতিষ্ঠার দাবিও জানানো হয়েছে।
স্মারকলিপিতে স্বাক্ষরকারীরা বলেন, ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণ শুধু একজন চলচ্চিত্রকারের স্মৃতি রক্ষার বিষয় নয়; এটি বাংলাদেশের চলচ্চিত্র ঐতিহ্য, সাংস্কৃতিক ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মের সাংস্কৃতিক শিক্ষার সঙ্গে জড়িত। তাই বিষয়টিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে।
তাঁরা অবিলম্বে বসতভিটার অবশিষ্ট অংশের সুরক্ষা, ভাঙার ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং প্রস্তাবিত ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র ও ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।