মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে হাইকোর্টের নিদের্শনা

সোনার দেশ ২৩ নভেম্বর ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ২৩ নভেম্বর ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন
শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে হাইকোর্টের নিদের্শনা

নির্দেশনা শিগগিরই বাস্তবায়নের উদ্যোগ নেয়া হোক

দেশের হাইকোর্ট সময়ের অতি গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য সরকারকে নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা মোতাবেক ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অবিলম্বে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নির্দেশ পালন করতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের হওয়া এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২২ নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


যোগাযোগ মাধ্যম যে শিশুদের জন্য মোটেও সহায়ক হচ্ছে না তা এখন বিশ্ব-বাস্তবতা। পৃথিবীর বিভিন্ন দেশ এখন বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে। ওইসব দেশ নীতি ািনর্ধারণ ও আইন করার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে। এর উদ্দেশ্যই হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের কু প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দেয়া। 


সামজিক যোগাযোগ মাধ্যমের নানা ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষিত রাখতে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করছে ইউরোপীয় ইউনিয়ন। এর অংশ হিসেবে ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা এবং অনলাইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে শিশুদের জন্য বাধ্যতামূলক ‘নিরাপদ অ্যাকাউন্ট’ চালুর প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন শিশুদের অনলাইন সুরক্ষা নিশ্চিতে ‘ইইউ কিডস অ্যাক্ট’ নামের নতুন এ পরিকল্পনার কথা তুলে ধরেন। মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম, টিকটক, গুগলের ইউটিউব এবং চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্মগুলো শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলছে—এমন উদ্বেগের মুখে এই উদ্যোগ নেয়া হলো।


এর আগে অস্ট্রেলিয়া, ব্রিটেন, চিন, ভারত, তুরস্ক ও ইউরোপের একাধিক দেশে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। 


আইনে পরিণত হওয়ার আগে আগামী মাসগুলোতে ইইউভুক্ত দেশ ও ইউরোপীয় পার্লামেন্টে চূড়ান্ত আলোচনার টেবিলে তোলা হবে প্রস্তাবটি। অনুমোদিত হলে, ১৩ থেকে ১৫ বছর বয়সী শিশুদের অ্যাকাউন্টগুলো বাধ্যতামূলকভাবে অভিভাবকদের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে।


আইসিডিডিআর,বি-এর এক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার পাঁচ জন শিশুর মধ্যে চার জনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময় সীমা ছাড়িয়ে যাচ্ছে-এই ব্যবহার। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে।


উদ্বেগজনক এই পরিস্থিতি থেকে দেশের শিশুদের রক্ষা করতে হবে। হাইকোর্ট সরকারকে যে নির্দেশনা দিয়েছেন তা সময়ের দাবি। দেশের মানুষের কাছে কাঙ্ক্ষিত এই হাইকোর্টের নির্দেশনা সরকার যথাশিগগিরই বাস্তবায়নে উদ্যোগ নিবে- সেটাই প্রত্যাশিত।