শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

সোনার দেশ ১৯ নভেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ১৯ নভেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

উন্নয়ন অগ্রগতির নতুন ঠিকানা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করেছে। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল এই প্রকল্প সফল যাত্রার সূচনা করেছে। বাংলাদেশের জন্য এটি গৌরবের। পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে সফলভাবে। আর কিছু সময়ের অপেক্ষা- শীতকালের পরপরই ধারাবাহিকভাবে প্রথম ইউনিট পূর্ণ উৎপাদনে ফিরবে বলেই বলা হচ্ছে।  সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এ ইউনিট থেকে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। 


প্রথম দফায় প্রায় সাড়ে ৮ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়। অর্থাৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সন্তোষজনকভাবেই সম্পন্ন হয়েছে। 


দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এখানে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণ করছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কেন্দ্রে দুটি ইউনিট পূর্ণাঙ্গরূপে বিদ্যুৎ ব্যবস্থায় গেলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। বিদেশ নির্ভরতাও কমবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা বলাই বাহুল্য।