মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত

সোনার দেশ ১৬ নভেম্বর ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ১৬ নভেম্বর ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন
আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত

নিরাপত্তা নেই, তাহলে নিরাপদ কোথায়?

আদালত চত্বরকে বলা হয় ন্যায়বিচারের আশ্রয়স্থল। এখানে বিচারপ্রার্থী, আইনজীবী, আসামি ও সাক্ষীরা আসেন আইনের শাসনের ওপর ভরসা করে। অথচ সেই আদালত চত্বরেই একজন আইনজীবীকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনা শুধু উদ্বেগজনক নয়, বিচারব্যবস্থার নিরাপত্তা ও আইনের শাসনের জন্যও ভয়াবহ বার্তা। রাজশাহীর আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীর ওপর হামলা প্রমাণ করে, অপরাধীদের দুঃসাহস কতটা বেড়েছে। যে স্থানে মানুষ ন্যায়বিচারের প্রত্যাশায় আসেন, সেই স্থানেই যদি একজন আইনজীবী নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।


রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজশাহীর আদালত চত্বরে জমিসংক্রান্ত বিরোধের একটি মামলার জেরে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের লোকজন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে ইয়ামিন আলীর ওপর হামলা চালান। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন। পরে উপস্থিত আইনজীবীরা চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আহত আইনজীবীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে। অর্থাৎ বিরোধের সূত্র ও সংঘাতের ইতিহাস পুলিশের অজানা থাকার কথা নয়। এরপরও আদালত চত্বরে এমন হামলা ঘটল কীভাবে, সেই প্রশ্নের জবাব জরুরি।


এ ঘটনায় সবচেয়ে উদ্বেগের বিষয়, আদালত চত্বরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে হামলাকারীরা কীভাবে প্রকাশ্যে অস্ত্রসদৃশ বস্তু নিয়ে একজন আইনজীবীকে আক্রমণ করার সাহস পেলেন। আদালত ভবন, বিচারকদের এজলাস, আইনজীবীদের কক্ষ ও বিচারপ্রার্থীদের চলাচলের পথ—সবখানেই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অথচ বাস্তবে আদালত চত্বরে নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা প্রায়ই নানা ঘটনায় সামনে আসে। ব্যক্তিগত বিরোধ, মামলার পক্ষ-বিপক্ষের সংঘাত কিংবা প্রতিশোধের মনোভাব নিয়ে কেউ যাতে আদালত প্রাঙ্গণকে সংঘর্ষের ময়দানে পরিণত করতে না পারে, সে জন্য কার্যকর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা থাকা অপরিহার্য।


এখানে পুলিশের ভূমিকাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেছেন, এর আগের হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ যথাযথ তদন্ত না করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। অভিযোগটি সত্য হলে তা অত্যন্ত গুরুতর। কারণ অপরাধের বিচার না হওয়া অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে। আগের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা গেলে নতুন করে হামলার সাহস তারা পেতেন কি না, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অতীতের অপরাধের বিচারহীনতা ভবিষ্যতের অপরাধকে উৎসাহিত করে—এ বাস্তবতা সংশ্লিষ্টদের বুঝতে হবে।


আমরা মনে করি, আদালত চত্বরে নিরাপত্তা জোরদার এখন আর কেবল প্রশাসনিক পদক্ষেপের বিষয় নয়, এটি বিচারব্যবস্থার মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত। ইয়ামিন আলীর ওপর হামলার ঘটনায় আটক চারজনসহ জড়িত প্রত্যেককে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। আগের হামলার অভিযোগও নতুন করে খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে প্রবেশ ও চলাচলে নজরদারি, পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং সংঘাতের আশঙ্কা রয়েছে—এমন পক্ষগুলোর বিষয়ে আগাম সতর্কতা নিশ্চিত করতে হবে। আদালত চত্বরে হামলা মানে শুধু একজন আইনজীবীর ওপর হামলা নয়, ন্যায়বিচারের পরিবেশের ওপর আঘাত। এই আঘাতের দৃষ্টান্তমূলক বিচার না হলে আদালতের নিরাপত্তা নিয়ে মানুষের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে। বিচারপ্রার্থীরা যেন আদালতে এসে আতঙ্ক নয়, নিরাপত্তা ও ন্যায়বিচারের নিশ্চয়তা পান—এ দায়িত্ব এড়ানোর সুযোগ কারও নেই।