মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

রাজশাহীর মাঠে মাঠে আমন ধান কাটার ধুম, ভালো ফলনে ন্যায্য দামের অপেক্ষায় কৃষক

নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
রাজশাহীর মাঠে মাঠে আমন ধান কাটার ধুম, ভালো ফলনে ন্যায্য দামের অপেক্ষায় কৃষক

রাজশাহীর মাঠে মাঠে শুরু হয়েছে আমন ধান কাটা। অনুকূল আবহাওয়ায় এবার ধানের ফলন ভালো হয়েছে। কোথাও কোথাও বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ পর্যন্ত ধান পাচ্ছেন কৃষকেরা। ভালো ফলনে তাদের মুখে হাসি ফুটলেও উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম কম হওয়ায় দুশ্চিন্তা কাটছে না। কৃষকদের দাবি, প্রতিমণ ধান অন্তত ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করতে পারলে তারা ন্যায্য লাভের মুখ দেখবেন। নভেম্বরের শুরু থেকে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে।


তবে পুরোদমে ধান কাটার মৌসুম শুরু হতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সরেজমিনে সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকার তেঘর, বাগসারা ও পাইকপাড়া বিল ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠের কোথাও পাকা, কোথাও আধা পাকা ধান দুলছে। ভোরের হালকা কুয়াশা আর মৃদু শীতের বাতাসে মাঠজুড়ে তৈরি হয়েছে সোনালী আভা। কাস্তে হাতে ধান কাটছেন কৃষকেরা। কেউ আঁটি বাঁধছেন, কেউ আবার জমিতেই মাড়াই করছেন। ধান ঘরে তোলাকে কেন্দ্র করে কৃষক পরিবারগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 


স্থানীয় কৃষকেরা জানান, আগাম ব্রি-১০৩ এবং বিনা-১৭ জাতের আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। ইতিমধ্যে কিছু জমির ধান কাটা শেষ হয়েছে। তবে সার, কীটনাশক ও ডিজেলের দাম বৃদ্ধি এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। ধান কাটার পর একই জমিতে আলু, শীতকালীন শাকসবজি ও ডাল জাতীয় ফসল আবাদের প্রস্তুতি নিচ্ছেন অনেকে।


পবার তেঘর গ্রামের কৃষক মামুন রশিদ এবার তিন বিঘা জমিতে ব্রি-১০৩ জাতের আমন ধান চাষ করেছেন। বিঘাপ্রতি ফলন পেয়েছেন ২০ মণ। বিঘা প্রতি খরচের হিসাব তুলে ধরে তিনি জানান, প্রথম দফায় জমি চাষ, মই দেওয়া, চারা রোপণ ও সার প্রয়োগে বিঘাপ্রতি খরচ হয়েছে ৭ হাজার টাকা। দ্বিতীয় দফায় ধান কাটা, মাড়াই, বাড়িতে আনা ও শ্রমিকের মজুরি বাবদ খরচ হয়েছে আরও ৭ হাজার টাকা। সব মিলিয়ে নিজের জমিতে তার প্রতি বিঘায় উৎপাদন খরচ হয়েছে ১৪ হাজার টাকা। আর লিজ বা বর্গা নিয়ে জমিতে ধান চাষ করলে এর সঙ্গে আরও পাঁচ হাজার টাকা যোগ হয়। মামুন রশিদ বলেন, গতকাল নওহাটা বাজারে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দরে ২০ মণ ধান ২৪ হাজার টাকায় বিক্রি করেছেন। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ১০ হাজার টাকা লাভ হয়েছে। পাশাপাশি প্রতি বিঘায় প্রায় ২১ পুন খড় পেয়েছেন। প্রতিটি পুন ২৫০ টাকা দরে বিক্রি করে আয় হয়েছে ৫ হাজার ২৫০ টাকা। ধান ও খড় মিলিয়ে বিঘাপ্রতি প্রায় ১৫ হাজার ২৫০ টাকা লাভ হয়েছে তার। ধান কাটা শেষে এখন আলু চাষের জন্য জমি প্রস্তুত করছেন তিনি।


পবা উপজেলার বাগসারা বিলের কৃষক মুনজুর রহমান এবার ১০ বিঘা জমিতে বিনা-১৭ জাতের আমন ধান চাষ করেছেন। তার প্রতি বিঘায় উৎপাদন খরচ হয়েছে ১৭ হাজার টাকা। ফলন পেয়েছেন গড়ে ১৮ মণ। সম্প্রতি ২০ মণ ধান প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করেছেন। অবশিষ্ট ধান তিনি দাম বাড়ার অপেক্ষায় রেখেছেন। খড় বিক্রিসহ সব খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি প্রায় ১০ হাজার টাকা লাভ হয়েছে বলে জানান তিনি। ধান কেটে আলু চাষের জন্য জমি প্রস্তুত করছেন এই কৃষক।


পবা উপজেলার পাইকপাড়া এলাকার কৃষক শহিদুল ইসলাম লিজ বা বর্গা নিয়ে তিন বিঘা জমিতে ব্রি-৫১ জাতের ধান চাষ করেছেন। আগামী সপ্তাহে তার জমিতে ধান কাটা শুরু হবে। তিনি বলেন, গত বছরের তুলনায় সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়েছে। একই সঙ্গে শ্রমিকের মজুরিও বেশি দিতে হচ্ছে। বাজারে ধানের ভালো দাম পেলে খরচ বাদ দিয়ে কিছুটা লাভের আশা করছেন তিনি। তিনি আরও বলেন, এবার ফলন ভালো হলেও বাজারে ধানের দাম আশানুরূপ নয়। বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই দামে কৃষকের পোষায় না। অন্তত ১ হাজার ৪০০ টাকা মণ দরে ধান বিক্রি করতে পারলে কৃষকেরা কিছুটা লাভবান হতেন। কিন্তু কৃষকের স্বার্থ নিয়ে কেউ ভাবেন না।


একই উপজেলার আরেক কৃষক ইউসুফ আলী  লিজ বা বর্গা নিয়ে ৫ বিঘা জমিতে ব্রি-১০ জাতের ধান চাষ করেছেন। এর মধ্যে দুই বিঘার ধান কাটা শেষ হয়েছে। বিঘাপ্রতি ফলন পেয়েছেন ১৮ মণ। তিনি বলেন, ফলন ভালো হয়েছে এবং সময়মতো ধান ঘরে তুলতে পারছেন, এতে তিনি সন্তুষ্ট। তবে ধানের ন্যায্য দাম না পেলে ভালো ফলনেও বর্গা কৃষকেরা প্রকৃত অর্থে লাভবান হবেন না।


রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৮৩ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হেক্টর বেশি। এ মৌসুমে ধানের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন। ইতিমধ্যে ১২ হাজার ৪২৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। গড় ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ। 


জেলার মধ্যে গোদাগাড়ী উপজেলায় সবচেয়ে বেশি ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তানোরে ২২ হাজার ৭১, পবায় ৯ হাজার ১৪০, দুর্গাপুরে ৫ হাজার ৬৪৫, চারঘাটে ৫ হাজার ৪৫০, মোহনপুরে ৪ হাজার ১০০, বাগমারায় ৩ হাজার ৭২৫ এবং বাঘা উপজেলায় ২ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে।


বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান বলেন, এ বছর উপজেলায় ২ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বিঘাপ্রতি গড়ে ২০ মণ ধান পাওয়া যাচ্ছে।


রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, চলতি মৌসুমে জেলায় ইতিমধ্যে ১২ হাজার ৪২৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে অন্য জমিতেও পুরোদমে ধান কাটা শুরু হবে। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় এবার ফলন ভালো হয়েছে। ভালো দাম পেলে আমন চাষিরা লাভবান হবেন। তিনি আরও বলেন, আগাম জাতের আমন ধান ঘরে তোলার পর কৃষকেরা একই জমিতে আলু, সরিষা, ভুট্টা, গম ও শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন। এতে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে এবং কৃষকের আয় বাড়বে। ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার ন্যায্য মূল্যে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। কৃষকেরা যাতে বাজারেও ন্যায্য দাম পান, সে বিষয়টি কৃষি বিভাগ মনিটরিং করবে।