রাকসুর তফসিল ও সিনেট অধিবেশনের দাবিতে মঙ্গলবার প্রশাসন ভবনের সামনে অবস্থান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা এবং সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) অবস্থান কর্মসূচি পালন করবে ‘রাবি সংস্কার আন্দোলন’। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। তাদের কর্মসূচিতে সংহতি জানিয়েছে ‘মঞ্চ ২৪’।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্র সিহাব শাহরিয়ার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রশাসনকে নির্ধারিত সময়ের মধ্যে আলটিমেটাম দেওয়া হলেও দাবিগুলো বাস্তবায়নে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তাঁরা।
তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নিয়মিত রাকসু নির্বাচন আয়োজনের মাধ্যমে কার্যকর ও প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ প্রতিষ্ঠা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেটের অধিবেশন আহ্বান করে সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মঞ্চ ২৪-এর নেতারা বলেন, রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের টালবাহানা বন্ধ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলনকারীদের পাশে থাকবেন।
বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রসঙ্গে রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ বা দলীয় আধিপত্য থাকা উচিত নয়।’
প্রশাসনের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, প্রক্টরিয়াল বডি, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম এবং গত রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাঁদের কথা হয়েছে। রাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো নীতিগত বা আইনি জটিলতা নেই। এখন উপাচার্যের পক্ষ থেকে সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন, সিন্ডিকেটে অনুমোদন এবং তফসিল ঘোষণার প্রক্রিয়া বাকি রয়েছে।
আম্মার আরও বলেন, ভর্তি পরীক্ষা কিংবা অডিটের ব্যস্ততা দেখিয়ে রাকসু নির্বাচন আটকে রাখার সুযোগ নেই। নির্বাচন কমিশন ও ভর্তি পরীক্ষা কমিটি আলাদাভাবে কাজ করতে পারে। একটি কমিটির কাজের কারণে অন্য কার্যক্রম আটকে থাকার কথা নয়।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আলটিমেটাম দিয়েছিল রাবি সংস্কার আন্দোলন।