নাটোরে বাজারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, আটক ১
নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাসে এসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এদিকে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফা জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১৫ জন ব্যক্তি বাজারে আসে। প্রথমে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। ঘটনার পর দুর্বৃত্তরা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যায়।
এ ঘটনার পরপরই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মোটরসাইকেল নিয়ে মিছিলের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন।
জেলা বিএনপির সদস্য ও সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম বলেন, ‘এটা দুলু ভাইয়ের নাটোর। এখানে কোনোভাবেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না। তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।’
এদিকে ঘটনার রাতেই নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে আবু হানিফ নামের একজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় সোমবার দুপুরে সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিক বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে নাটোর থানায় মামলা করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, দত্তপাড়া বাজারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।