মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

রাজশাহী বিআরটিএ : ঘুষের টাকায় মেলে লাইসেন্স

সোনার দেশ ১৫ নভেম্বর ২০২৬ ১০:২২ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ১৫ নভেম্বর ২০২৬ ১০:২২ অপরাহ্ন
রাজশাহী বিআরটিএ : ঘুষের টাকায় মেলে লাইসেন্স

দালাল ও ঘুষের প্রভাবমুক্ত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শর্ত যোগ্যতা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কিন্তু রাজশাহী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সেই নিয়ম যেন উল্টো। অভিযোগ, লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় ভালো করেও দালালের মাধ্যমে আগাম ঘুষ না দিলে পরীক্ষার্থীদের ফেল করানো হয়। আবার পরীক্ষা না দিয়েও নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে লাইসেন্স পাওয়ার সুযোগ রয়েছে। সরকারি সেবার নামে এমন ঘুষ-বাণিজ্যের অভিযোগ শুধু প্রশাসনিক দুর্নীতির চিত্র নয়, সড়ক নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি।


প্রতিবেদন অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স, নবায়ন, স্মার্টকার্ড, বায়োমেট্রিক, গাড়ির ফিটনেস ও নম্বরপ্লেট অনুমোদন—প্রায় প্রতিটি সেবাকে ঘিরেই সক্রিয় দালালচক্র। অভিযোগ রয়েছে, বিআরটিএর কিছু কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তাকর্মী ও বহিরাগত দালালদের যোগসাজশে চলছে এই অনিয়ম। কোথাও পরীক্ষায় পাস করানোর নিশ্চয়তা দিয়ে টাকা আদায়, কোথাও ফাইল আটকে রেখে হয়রানি, আবার কোথাও বাধ্যতামূলক ড্রাগ টেস্ট ছাড়াই লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা বলছে, এখানে নিয়ম মেনে সেবা পাওয়ার চেয়ে দালালের মাধ্যমে কাজ করানোই যেন সহজ।


এই দুর্নীতির সবচেয়ে ভয়াবহ দিক হলো, এর খেসারত দিতে হতে পারে সাধারণ মানুষকে। চালকের দক্ষতা যাচাই না করে কিংবা ড্রাগ টেস্ট ছাড়াই লাইসেন্স দেওয়া হলে অদক্ষ ও অনুপযুক্ত চালক সড়কে নেমে পড়বেন। একটি লাইসেন্সের বিনিময়ে ঘুষের টাকা লেনদেনের আড়ালে এভাবে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। মনে রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্স কোনো সাধারণ কাগজ নয়; এটি একজন চালকের যোগ্যতার স্বীকৃতি। সেই স্বীকৃতি যদি টাকার বিনিময়ে বিক্রি হয়, তবে সড়কে নিরাপত্তার নিয়মকানুনের আর কোনো অর্থ থাকে না।


বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যেও বিষয়টি নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। তিনি অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করলেও স্বীকার করেছেন, পরীক্ষায় কাউকে ফেল করানোর সুযোগ একেবারে নেই, তা বলা যায় না। তার দাবি, অধিকাংশ সেবা অনলাইনভিত্তিক হওয়ায় দালালের প্রয়োজন নেই। কিন্তু অনলাইনে আবেদন করার ব্যবস্থা থাকলেই অফিসের ভেতরের দুর্নীতি বন্ধ হয়ে যায় না। সেবাগ্রহীতাদের অভিযোগ, ফাইলের অগ্রগতি ও অনুমোদনকে কেন্দ্র করেই দালালচক্রের দৌরাত্ম্য। তাই অভিযোগ অস্বীকার না করে সেগুলোর নিরপেক্ষ তদন্ত করাই জরুরি।


রাজশাহী বিআরটিএকে ঘুষ ও দালালচক্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে আর আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ চাই। অভিযোগে যেসব কর্মকর্তা-কর্মচারী ও দালালের নাম এসেছে, তাদের ভূমিকা চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। শুধু মাঠপর্যায়ের কর্মচারী নয়, এই দুর্নীতির পেছনে থাকা নেপথ্যের হোতাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তদন্তের উদ্যোগ নিতে হবে। প্রশ্ন হচ্ছে, একটি সরকারি প্রতিষ্ঠানে দিনের পর দিন এমন ঘুষ-বাণিজ্য চললে কর্তৃপক্ষের নজরদারি কোথায়? কার প্রশ্রয়ে দালালচক্র এতটা বেপরোয়া? এসব প্রশ্নের জবাব দিতে হবে বিআরটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও। নাগরিকের অধিকারভুক্ত সেবা পেতে ঘুষ দিতে হবে—এমন ব্যবস্থা কোনোভাবেই চলতে পারে না। রাজশাহী বিআরটিএতে দুর্নীতির শিকড় উপড়ে ফেলে সেবার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অন্যথায় এই দুর্নীতির দায় শুধু অভিযুক্ত কর্মচারীদের নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরও বর্তাবে।