বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ভালো ফলনেও কৃষকের মুখে হাসি নেই

সোনার দেশ ১৭ নভেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ১৭ নভেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
ভালো ফলনেও কৃষকের মুখে হাসি নেই

ধানের ন্যায্য দাম নিশ্চিত হোক

রাজশাহীর মাঠে মাঠে এখন আমন ধান কাটার উৎসব। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় এবার ফলনও হয়েছে ভালো। কোথাও কোথাও বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ ধান পাচ্ছেন কৃষক। কিন্তু ভালো ফলনের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে বাজারদরের কারণে। সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। অথচ বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। কৃষকদের দাবি, অন্তত ১ হাজার ৪০০ টাকা মণ দরে ধান বিক্রি করতে পারলে তারা ন্যায্য লাভের মুখ দেখবেন। অর্থাৎ ফসল ভালো হলেও কৃষকের ভাগ্যে স্বস্তি নেই। এই বাস্তবতা আমাদের কৃষিব্যবস্থার একটি পুরোনো দুর্বলতাকেই সামনে এনেছে—উৎপাদনের ঝুঁকি কৃষকের, অথচ ফসলের দাম নির্ধারণে তার নিয়ন্ত্রণ নেই।


পবার তেঘর গ্রামের কৃষক মামুন রশিদ তিন বিঘা জমিতে ধান চাষ করে বিঘাপ্রতি ২০ মণ ফলন পেয়েছেন। নিজের জমিতে বিঘাপ্রতি উৎপাদন খরচ হয়েছে ১৪ হাজার টাকা। অন্যদিকে বাগসারা বিলের কৃষক মঞ্জুর রহমানের খরচ হয়েছে ১৭ হাজার টাকা, ফলন পেয়েছেন ১৮ মণ। ধান বিক্রি ও খড়ের আয় মিলিয়ে কিছু লাভ হলেও জমি লিজ বা বর্গা নিয়ে চাষ করা কৃষকদের হিসাব আরও কঠিন। সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধির পাশাপাশি জমির ভাড়া তাঁদের লাভ কমিয়ে দিচ্ছে। কৃষকদের আশঙ্কা, ধানের দাম না বাড়লে ভালো ফলনও তাদের প্রত্যাশিত আয় নিশ্চিত করতে পারবে না।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজশাহীতে ৮৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৮৩ হাজার ৬৭০ হেক্টরে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন। ইতিমধ্যে ১২ হাজার ৪২৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে। কৃষি বিভাগের দাবি, অনুকূল আবহাওয়ায় এবার ফলন ভালো হয়েছে। কিন্তু উৎপাদন বাড়লেই কৃষকের আয় বাড়বে, এমন নিশ্চয়তা নেই। কারণ বাজারে ন্যায্য দাম না পেলে বাড়তি উৎপাদনের সুফল কৃষকের ঘরে পৌঁছায় না।


কৃষকের এই সংকটের পেছনে বাজার ব্যবস্থাপনার দুর্বলতাও স্পষ্ট। ফসল উৎপাদনের প্রতিটি পর্যায়ে কৃষককে বাড়তি খরচ বহন করতে হয়। কিন্তু ফসল বিক্রির সময় তাঁকে অনেকটা অসহায়ের মতো বাজারদরের ওপর নির্ভর করতে হয়। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও দর-কষাকষির সীমিত সুযোগ তার অবস্থানকে আরও দুর্বল করে। বিশেষ করে বর্গাচাষিরা উৎপাদন খরচ ও জমির ভাড়া মেটাতে গিয়ে সবচেয়ে বেশি চাপে পড়েন। তাই শুধু উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনকে কৃষির সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই; কৃষকের প্রকৃত আয় বাড়ছে কি না, সেটিই হওয়া উচিত বিবেচনার বিষয়।


সরকার ন্যায্যমূল্যে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এখন এই সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন জরুরি। প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা, সংগ্রহ কার্যক্রম দ্রুত শুরু এবং উৎপাদন খরচ বিবেচনায় যৌক্তিক মূল্য নির্ধারণ করতে হবে। কৃষকের ঘরে ধান ওঠার পর নয়, উৎপাদন মৌসুমের আগেই এসব বিষয়ে পরিকল্পনা থাকা প্রয়োজন। কৃষক ভালো ফলন ফলাবেন, অথচ ন্যায্য দাম পাবেন না—এ বৈপরীত্য মেনে নেওয়া যায় না। কৃষকের শ্রম ও বিনিয়োগের যথাযথ মূল্য নিশ্চিত করতে হবে। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলেই দেশের খাদ্যনিরাপত্তা সুরক্ষিত থাকবে।