নতুন আলু ওঠার আগেই পুরোনো আলু নিয়ে বিপাকে কৃষক-ব্যবসায়ী
রাজশাহীর মাঠে নতুন আলু চাষের প্রস্তুতি শুরু হয়েছে। আর মাসখানেকের মধ্যে জমিতে উঠতে শুরু করবে আগাম জাতের আলু। অথচ আগের মৌসুমে উৎপাদিত আলুর বড় একটি অংশ এখনো পড়ে আছে হিমাগারে। বাজারে দাম না থাকায় লোকসান দিয়ে বিক্রি করতে চাইছেন না কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এর মধ্যে হিমাগার খালি করার সময়সীমাও বেঁধে দিয়েছেন মালিকরা। ফলে একদিকে উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে আলু বিক্রির লোকসান, অন্যদিকে হিমাগারে রেখে ভাড়া ও নিলামের ঝুঁকি—দুই সংকটে পড়েছেন রাজশাহীর হাজারো কৃষক ও ব্যবসায়ী।
বাজারের চিত্রও হতাশাজনক। বর্তমানে রাজশাহীর পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকায়। খুচরা বাজারে দাম ১৫ থেকে ২০ টাকা। অথচ উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি কেজি আলুতে খরচ পড়েছে ২২ থেকে ২৫ টাকা। অর্থাৎ পাইকারি দরে বিক্রি করলে প্রতি কেজিতে গড়ে ১১ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এই লোকসান মেনে নিতে না পেরে অনেক কৃষক ও ব্যবসায়ী হিমাগার থেকে আলু তুলছেন না। তাদের আশা, বাজারে দাম বাড়বে। কিন্তু সময় যত গড়াচ্ছে, অনিশ্চয়তাও তত বাড়ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীতে মোট ৪০টি কোল্ড স্টোরেজ রয়েছে। এর মধ্যে দুটি বন্ধ। এসব হিমাগারের মোট ধারণক্ষমতা ৫ লাখ ১৫ হাজার ৭৮৪ মেট্রিক টন। চলতি বছরের সংরক্ষণ মৌসুমে খাবার ও বীজ আলু মিলিয়ে সংরক্ষণ করা হয়েছিল ৫ লাখ ১১ হাজার ২১৯ মেট্রিক টন। জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত খালাস হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৪৬ মেট্রিক টন। এখনো হিমাগারে অবশিষ্ট রয়েছে ১ লাখ ৬৭ হাজার ১৭৩ মেট্রিক টন আলু। অন্যদিকে, রাজশাহী হিমাগার মালিক সমিতির হিসাবে, জেলার হিমাগারে সংরক্ষিত আলুর প্রায় অর্ধেক খালাস হয়েছে। অবশিষ্ট আলুর এক-তৃতীয়াংশ বীজ হিসেবে ব্যবহারের জন্য রাখা হবে। সে হিসাবে এখনো প্রায় দেড় লাখ মেট্রিক টন বাণিজ্যিক আলু অবিক্রিত রয়েছে।
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে নতুন মৌসুমের আলু সংরক্ষণের জন্য হিমাগারগুলোতে সংস্কার ও প্রস্তুতির কাজ করতে হবে। এ কারণে ৩০ নভেম্বরের মধ্যে পুরোনো আলু খালাসের তাগিদ দিয়েছেন মালিকরা। তবে কৃষকদের দুরবস্থা বিবেচনায় সময় কিছুটা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত সুযোগ দেওয়া হতে পারে। এতো অল্প সময়ে বিপুল পরিমাণ আলু কোথায় বিক্রি করবেন, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা।
রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তকেদার গ্রামের আলুচাষি শেখ মবিনুর রহমান পবার উত্তর স্টোরে ২৫০ বস্তা আলু রেখেছেন। তার হিসাবে, উৎপাদন থেকে হিমাগারে নেওয়া পর্যন্ত প্রতি কেজিতে খরচ হয়েছে ২২ থেকে ২৫ টাকা। অথচ এখন সেই আলু বিক্রি করতে হচ্ছে ১২ থেকে ১৪ টাকায়। তিনি বলেন, ‘এই দামে আলু বিক্রি করে হিমাগার ভাড়াও মেটানো যাচ্ছে না। আমার মতো হাজারো কৃষক দুই সংকটে পড়েছেন। আলু বের করলেও লোকসান, না তুললেও বিপদ। নির্ধারিত সময়ে না তুললে হিমাগার মালিক নিলামে বিক্রি করে ভাড়া আদায় করবেন।’
রাজশাহী হিমাগার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত আলু রাখার নিয়ম রয়েছে। তবে বাজার পরিস্থিতি ও কৃষকদের দুরবস্থা বিবেচনায় আরও কিছুদিন সময় দেওয়া হতে পারে। এরপরও ডিসেম্বরের মধ্যে হিমাগার খালি করতে হবে। গত বছর আলু খালাসের জন্য মাইকিং করতে হয়েছিল। এবারও প্রয়োজন হলে নোটিশের পাশাপাশি মাইকিং করা হবে। অন্যদিকে, বায়া এলাকার আলু ব্যবসায়ী হেলাল উদ্দিন জানান, তার সংরক্ষিত আলুর প্রায় ৬০ শতাংশ এখনো হিমাগারে রয়েছে। আর বড়জোর এক মাস সময় পেলেও এতো বিপুল পরিমাণ আলু কোথায় বিক্রি করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
বায়ার আসামা হিমাগারের ব্যবস্থাপক আলী আশরাফ হোসেন বলেন, নোটিশ দেওয়ার পরও চাষিরা আলু তুলছেন না। ৩০ নভেম্বরের পর আর আলু রাখা সম্ভব হবে না। নির্ধারিত সময়ে আলু খালাস না হলে নিলামে বিক্রি করে বকেয়া ভাড়া আদায় করা হবে।
আলুর এই দরপতনে শুধু কৃষক নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন আলু কিনে মজুত করা ক্ষুদ্র ব্যবসায়ীরাও। রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম বলেন, গত দুই মৌসুম ধরেই রাজশাহীর আলুচাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা লোকসানের মুখে রয়েছেন। এবারও উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে আলু বিক্রি করতে হচ্ছে। এতে হাজারো কৃষক ও ব্যবসায়ী পুঁজি হারাচ্ছেন। অনেকে আগামী মৌসুমে আলু চাষ না করার কথাও ভাবছেন। অথচ এই সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রণোদনা দিতে হবে। সেই সাথে অবিক্রিত আলু কোম্পানিগুলোকে চিপস করার জন্য নেওয়ার কার্যকর উদ্যোগগ্রহণ করতে হবে। তাহলে এবার কৃষকরা উপকৃত হবে। তা-নাহলে এবার কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
সব মিলিয়ে নতুন মৌসুম শুরুর আগেই রাজশাহীর আলুখাতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে হিমাগার খালি করার চাপ, অন্যদিকে উৎপাদন খরচের নিচে বাজারদর। সময়মতো আলু বিক্রি করতে না পারলে কৃষক ও ব্যবসায়ীদের লোকসান আরও বাড়বে। এর প্রভাব পড়তে পারে আগামী মৌসুমের আলু চাষেও। কারণ, আগের মৌসুমের লোকসান সামলে নতুন করে চাষে নামার মতো পুঁজি অনেক কৃষকের হাতেই নেই। এই পরিস্থিতিতে আলুচাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের লোকসান কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় এক মৌসুমের সংকট পরবর্তী মৌসুমের উৎপাদনকেও হুমকির মুখে ফেলবে।