বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

একজন শিক্ষকের উদ্যোগে ডিজিটাল হচ্ছে বিদ্যালয় ব্যবস্থাপনা

সোনার দেশ ১৮ নভেম্বর ২০২৬ ১১:০০ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ১৮ নভেম্বর ২০২৬ ১১:০০ অপরাহ্ন
একজন শিক্ষকের উদ্যোগে ডিজিটাল হচ্ছে বিদ্যালয় ব্যবস্থাপনা

এই প্রচেষ্টা অন্য শিক্ষকদের অনুপ্রাণিত করুক

শিক্ষকতা শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইচ্ছাশক্তি, উদ্ভাবনী চিন্তা ও আত্মপ্রচেষ্টা থাকলে একজন শিক্ষক বদলে দিতে পারেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক চিত্র। পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ফুলবাড়ী আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মো. আব্দুর রাজ্জাক তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজ উদ্যোগে তথ্যপ্রযুক্তির দক্ষতা অর্জন করে তিনি তৈরি করেছেন বিদ্যালয় পরিচালনার সফটওয়্যার। এর মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষক-শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ, সম্পদের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রশাসনিক কাজ ডিজিটাল করার উদ্যোগ নিয়েছেন তিনি।


২০০০ সালের ২১ মে বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন আব্দুর রাজ্জাক। তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ থেকে অনলাইন টিউটোরিয়াল ও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নিজেই সফটওয়্যার ও ওয়েবসাইট তৈরির কৌশল শেখেন। ২০১৯ সাল থেকে বিদ্যালয়ের কাজে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চিন্তা শুরু করেন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে সফটওয়্যার তৈরির কাজ শুরু করেন। ওই বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রথমবারের মতো সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে এসএসসি নির্বাচনী পরীক্ষা-২০২৬-এর ফলও অনলাইনে প্রকাশ করা হয়েছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ফল জানতে বিদ্যালয়ে আসার ভোগান্তি কমেছে।


সফটওয়্যারটির বিশেষত্ব শুধু ফল প্রকাশে নয়। এতে বিদ্যালয়ের ইতিহাস, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের তথ্য, আসবাবপত্র, শিক্ষা উপকরণ, নথিপত্র এবং অন্যান্য সম্পদের হিসাব সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ফি, চাঁদা ও অন্যান্য আর্থিক লেনদেনের হিসাবও রাখা যায়। শিক্ষার্থীদের জন্য রয়েছে পৃথক ড্যাশবোর্ড। ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য ও পরীক্ষার ফল জানতে পারবেন। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক কাজেও আসবে গতি ও শৃঙ্খলা।


দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো প্রশাসনিক কাজ পরিচালিত হয় প্রচলিত ও সময়সাপেক্ষ পদ্ধতিতে। শিক্ষার্থীদের তথ্য, পরীক্ষার ফল, সম্পদ ও আর্থিক হিসাব আলাদাভাবে সংরক্ষণ করতে গিয়ে বাড়তি শ্রম ও জটিলতা তৈরি হয়। আব্দুর রাজ্জাকের উদ্যোগ দেখিয়েছে, সদিচ্ছা ও শেখার আগ্রহ থাকলে সীমিত সামর্থ্যেও প্রযুক্তিনির্ভর পরিবর্তন সম্ভব। এ জন্য সব সময় বড় বাজেট বা ব্যয়বহুল প্রকল্পের প্রয়োজন হয় না।


তবে এমন উদ্যোগকে শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখলে চলবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত উদ্ভাবনী উদ্যোগকে স্বীকৃতি দেওয়া, কারিগরি সহায়তা নিশ্চিত করা এবং অন্য বিদ্যালয়েও এ ধরনের ব্যবস্থাপনা চালুর সুযোগ তৈরি করা। একই সঙ্গে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


আব্দুর রাজ্জাকের উদ্যোগ প্রমাণ করে, পরিবর্তনের জন্য সব সময় ওপরের নির্দেশনার অপেক্ষায় থাকতে হয় না। একজন উদ্যোগী শিক্ষকও নিজের অবস্থান থেকে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ভূমিকা রাখতে পারেন। তার এই প্রচেষ্টা অন্য শিক্ষকদের অনুপ্রাণিত করুক, আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এগিয়ে যাক প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও গতিশীল ব্যবস্থাপনার পথে।