নগরীতে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা। বুধবার (১৮ নভেম্বর) মঙ্গলঘট স্থাপন ও দেবীর আবাহনের মধ্য দিয়ে এই পূজা শুরু হয়। চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
নগরীর সুলতানাবাদ এলাকায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই পূজার আয়োজন করেছে মা সারদা সংঘ। সার্বিক সহযোগিতায় আছে শ্রী রামকৃষ্ণ আশ্রম ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ।
মন্দিরের পুরোহিত জানান, তিন দিনব্যাপী পূজার প্রথম দিনে মঙ্গলঘট স্থাপন, দেবীর আবাহন, শ্রীশ্রী চণ্ডীপাঠ, ভক্তদের পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগদ্ধাত্রী দেবীর মহানবমী পূজা। এদিন পূজা-অর্চনা, হোমযজ্ঞ, পুষ্পাঞ্জলি ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। এদিন সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) মহাদশমী পূজা, দেবীর প্রদক্ষিণ, স্তোত্রপাঠ, দর্পণ বিসর্জন ও যাত্রা মঙ্গলের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
মন্দির কমিটি জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে জগদ্ধাত্রী পূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ আয়োজন সফল করতে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভক্তবৃন্দ, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে সপরিবারে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, জগদ্ধাত্রী পূজা হলো সনাতন ধর্মের একটি উৎসব, যেখানে দেবী দুর্গার আরেক রূপ মা জগদ্ধাত্রী-এর আরাধনা করা হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মূলত এই পূজা অনুষ্ঠিত হয়।