একনেকে অনুমোদন : ছয় লেনে উন্নীত হচ্ছে বগুড়া-জয়পুরহাট-হিলি মহাসড়ক
বগুড়ার মোকামতলা থেকে কালাই ও জয়পুরহাট হয়ে হিলি স্থলবন্দর পর্যন্ত মহাসড়কটি সার্ভিস রোডসহ ছয় লেনে উন্নীত করা হচ্ছে। এ জন্য ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ চারটি স্থানে চারটি ওভারপাসও নির্মাণ করা হবে। বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোকামতলা-কালাই-জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়ক ছয় লেনে উন্নীত হলে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে আমতলী, কিচক, কালাই ও বটতলীতে চারটি ওভারপাস নির্মাণ করা হবে।
দীর্ঘদিন ধরে এ মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে বিভিন্ন স্থানে যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় ও বাজারকেন্দ্রিক এলাকায় যানবাহনের চাপ বাড়লে দীর্ঘ সময় আটকে থাকতে হয়। সড়ক দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। ছয় লেনে উন্নীতকরণ এবং সার্ভিস রোড নির্মিত হলে এসব সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের পণ্য পরিবহনে মহাসড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর সক্ষমতা বাড়লে স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি আসবে। একই সঙ্গে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে। ফলে আঞ্চলিক অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে বুধবারের একনেক সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের জন্য ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুর-রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলা এবং বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও পৃথক প্রকল্প নেওয়া হয়েছে।
রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে জামালপুরে ব্রহ্মপুত্র ও ঝিনাই নদ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন প্রতিরোধে পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধায় ক্ষুদ্র সেচব্যবস্থার উন্নয়নেও ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-করতোয়া ও ঢাকা ট্রিবিউন