ড্রোনের মাধ্যমে ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তে নজরদারি জোরদার
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে আধুনিক প্রযুক্তি ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।
ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ ফুলবাড়ী, দিনাজপুর সদর, বিরামপুর ও চিরিরবন্দর সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং সীমান্তে বিজিবি’র টহল কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে আধুনিক প্রযুক্তি ড্রোনের ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী ২৯ বিজিবি’র পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রোনের সীমান্ত নজরদারিতে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম আরো জোরদার করা সম্ভব হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিকানয়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, দায়িত্বপূর্ণ সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে ফুলবাড়ী ২৯ বিজিবি’র সার্বক্ষণিকভাবে সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতেহ আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে।