অস্থির
রনি আর মিরার প্রথম দেখা হয়েছিল ভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির সামনে। শরতের শেষ বিকেল। ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছগুলোর নিচে ছড়িয়ে ছিল শুকনো পাতা। দূরে কোথাও মিছিলের স্লোগান শোনা যাচ্ছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন বেশ উত্তপ্ত। প্রতিদিনই কোথাও না কোথাও সংঘর্ষ, মিছিল, প্রতিবাদ কিংবা পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। রনি লাইব্রেরির সিঁড়িতে বসে পত্রিকা পড়ছিল। মিরা এসে পাশে দাঁড়িয়ে বলল, আপনি কি জানেন, এই দেশের সবচেয়ে বড় সমস্যা কী? রনি পত্রিকা থেকে চোখ না তুলেই বলল, সমস্যা তো অনেক। কোনটার কথা বলছেন? —মানুষ এখন আর মানুষের কথা শোনে না। সবাই শুধু নিজের দলের কথা শোনে।
রনি এবার মুখ তুলে তাকাল। মেয়েটির চোখে একধরনের দৃঢ়তা। কথার মধ্যে কোনো কৃত্রিমতা নেই।
—আপনি কোন জেলার? —কুষ্টিয়া। আপনি? —রংপুর।
—বাহ! দুই প্রান্তের মানুষ, অথচ একই বিশ্ববিদ্যালয়ে! রনি হেসে বলল, —শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, মনে হয় একই রাজনৈতিক আদর্শেও। মিরা মুচকি হাসল।
সেদিন তাদের কথা খুব বেশি এগোয়নি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। দুজনেই বুঝতে পেরেছিল, তাদের ভাবনার জগতে কোথাও একটা মিল আছে। রনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। রংপুরের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে সে। বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। মা সংসার সামলান। ছোটবেলা থেকেই রনি রাজনীতি নিয়ে ভাবতে ভালোবাসে। তার কাছে রাজনীতি মানে ক্ষমতা দখল নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা।
মিরা পড়ে বাংলা বিভাগে। কুষ্টিয়ার এক সাংস্কৃতিক পরিবারে তার বেড়ে ওঠা। বাবা কলেজশিক্ষক, মা স্থানীয় একটি নারী উন্নয়ন সংগঠনের সঙ্গে যুক্ত। মিরাও বিশ্বাস করে, রাজনীতি মানুষের জীবন বদলানোর হাতিয়ার। সে এমন একটি দেশ দেখতে চায়, যেখানে মানুষের পরিচয় তার দল কিংবা ধর্ম দিয়ে নির্ধারিত হবে না; নির্ধারিত হবে তার মানবিকতা দিয়ে। তাদের রাজনৈতিক আদর্শের ভিত্তি ছিল গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচার। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক আলোচনা, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজনে তাদের দেখা হতে লাগল। কখনো চায়ের দোকানে, কখনো শহীদ মিনারের পাদদেশে, কখনো আবার টিএসসির কোনো বিতর্ক অনুষ্ঠানে। তাদের বন্ধুত্বের শুরুটা হয়েছিল রাজনীতি দিয়ে। কিন্তু ধীরে ধীরে সেই বন্ধুত্বের ভেতর জায়গা করে নিল অন্য এক অনুভূতি। একদিন বিকেলে ক্যাম্পাসের লেকের পাশে বসে মিরা বলল,—রনি, একটা কথা জিজ্ঞেস করি? —করো।
—তুমি কি কখনো ভেবেছ, রাজনীতি করতে গিয়ে মানুষ নিজের ব্যক্তিগত জীবনটা হারিয়ে ফেলে? রনি কিছুক্ষণ চুপ করে রইল। —হয়তো ফেলে। কিন্তু রাজনীতি থেকে পালিয়ে গিয়েও তো বাঁচা যায় না। যে দেশে বাস করি, সেই দেশের ভালো-মন্দ তো আমাদের জীবনকেও প্রভাবিত করে। —সেটা ঠিক। কিন্তু আমি চাই না, আমাদের জীবনটা শুধু মিছিল আর স্লোগানে আটকে থাকুক। রনি মিরার দিকে তাকিয়ে বলল, —আমাদের জীবনটা শুধু রাজনীতিতে আটকে থাকবে না। তবে রাজনীতির কারণে জীবন থেকে পালিয়েও যাব না। মিরা হেসে ফেলল।
সেই হাসির মধ্যেই যেন একটা অদৃশ্য প্রতিশ্রুতি তৈরি হয়ে গেল। ভার্সিটির দিনগুলো খুব একটা শান্ত ছিল না। দেশের রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছিল। সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনা, শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, সাধারণ মানুষের ভোগান্তি—সব মিলিয়ে একটা অনিশ্চিত সময়। প্রতিদিন সকালে ক্যাম্পাসে এসে নতুন কোনো খবর শুনতে হতো। কখনো বাস বন্ধ, কখনো ক্লাস স্থগিত, কখনো আবার ভার্সিটির মেইন গেটের সামনে মিছিল। একদিন দুপুরে ক্যাম্পাসে বড় ধরনের সংঘর্ষ হলো। কয়েকজন শিক্ষার্থী আহত হলো। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করল। মুহূর্তের মধ্যে ভার্সিটি যেন আতঙ্কের শহরে পরিণত হলো। রনি তখন একটি প্রতিবাদ কর্মসূচিতে ছিল। মিরা তাকে ফোন করছিল বারবার। কিন্তু ফোন বন্ধ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। মিরা ভার্সিটির মেডিকেল সেন্টার থেকে হাসপাতাল পর্যন্ত খোঁজ করল। কোথাও রনির সন্ধান পেল না। রাত আটটার দিকে হঠাৎ ফোন বেজে উঠল। —হ্যালো!
—মিরা, আমি। রনির কণ্ঠ শুনে মিরার বুকের ভেতর জমে থাকা পাথরটা যেন নেমে গেল। —তুমি কোথায় ছিলে? জানো, কতবার ফোন দিয়েছি? —ফোনটা ভেঙে গেছে। আমি ঠিক আছি। একটু আগে বন্ধুদের সঙ্গে ফিরলাম।
মিরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি ঠিক আছ, এটা শুনে ভালো লাগছে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার একটা জীবন আছে। তোমার জন্য কেউ অপেক্ষা করে।
রনি মৃদু হেসে বলল, কে অপেক্ষা করে? —যে তোমাকে হারাতে চায় না। রনি আর কোনো কথা বলতে পারল না।
সেদিন রাতেই দুজনের সম্পর্কের নাম বদলে গেল। প্রেমে পড়ার পরও তাদের রাজনৈতিক চিন্তাভাবনায় কোনো পরিবর্তন আসেনি। বরং একে অপরের বিশ্বাসকে আরও গভীরভাবে বুঝতে শিখেছিল তারা। মিরা মাঝেমধ্যে রনিকে বলত, —তুমি জানো, আমাদের দেশের রাজনীতির একটা অদ্ভুত সমস্যা আছে। এখানে মানুষ রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে করে। রনি বলত, —কারণ আমরা রাজনীতিকে আদর্শের জায়গা থেকে সরিয়ে ব্যক্তিগত স্বার্থের জায়গায় নিয়ে গেছি। —কিন্তু আমরা কি পারব এই জায়গাটা বদলাতে?
—একদিনে পারব না। তবে চেষ্টা করতে তো পারি। মিরা বলত, —আমি চাই, আমাদের সন্তান যদি কোনো দিন হয়, সে যেন নির্ভয়ে তার মত প্রকাশ করতে পারে। তার বাবার মতের সঙ্গে দ্বিমত করলেও যেন বাবার ভালোবাসা হারাতে না হয়। রনি হেসে বলত, —আর আমি চাই, সে যেন তার মায়ের মতো প্রশ্ন করতে শেখে। তাদের স্বপ্নগুলো খুব বড় ছিল না। অন্তত ব্যক্তিগত জীবনের জন্য। একটা ছোট্ট বাসা, বইয়ে ভর্তি একটা ঘর, বারান্দায় কয়েকটা ফুলের গাছ, ছুটির দিনে একসঙ্গে রান্না আর সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে দিতে দেশের খবর নিয়ে আলোচনা।
তবে দেশ নিয়ে তাদের স্বপ্ন ছিল অনেক বড়। তারা চেয়েছিল এমন একটি বাংলাদেশ, যেখানে একজন কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, একজন শ্রমিক সম্মানের সঙ্গে বাঁচবে, একজন শিক্ষার্থী নিরাপদে ক্যাম্পাসে যেতে পারবে, একজন সাংবাদিক ভয় ছাড়াই সত্য লিখতে পারবে। তারা চেয়েছিল, ক্ষমতার পরিবর্তন হবে নিয়মতান্ত্রিকভাবে, আর মানুষের অধিকার থাকবে সবার ওপরে। একদিন মিরার বাড়ি থেকে ফোন এল। তার বাবা মেয়ের বিয়ের কথা ভাবছেন। পাত্র হিসেবে পছন্দ করেছেন কুষ্টিয়ারই এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ছেলেকে। মিরা প্রথমে কিছু বলেনি। রাতে রনিকে ফোন দিল। —তোমাকে একটা কথা বলার আছে। —বলো।
—বাবা আমার বিয়ের কথা ভাবছেন। ওপাশে কিছুক্ষণ নীরবতা। —তুমি কী বলেছ?
—বলেছি, আমি এখন বিয়ে করতে চাই না। —শুধু এখন না, নাকি অন্য কোনো কারণ আছে?
মিরা একটু অভিমানী কণ্ঠে বলল, —তুমি কি সত্যিই জানো না? রনি দীর্ঘশ্বাস ফেলল।
—মিরা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি। তোমাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি চাই, তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে। —আমি কি তোমার কাছে কোনো প্রতিষ্ঠিত জীবনের নিশ্চয়তা চেয়েছি? —না।
—তাহলে এত হিসাব কেন? রনি চুপ করে থাকলো। মিরা বলল, শোনো, আমি তোমার সঙ্গে বিলাসবহুল জীবন চাই না। আমি এমন একজন মানুষ চাই, যে কঠিন সময়েও আমার হাত ছাড়বে না। আর আমি জানি, তুমি সেই মানুষ। রনি মৃদুস্বরে বলল, —আমি তোমার হাত ছাড়ব না।
সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হলো। কিন্তু দেশের পরিস্থিতি তখনও অনিশ্চিত। ভার্সিটিতে কখনো ক্লাস হয়, কখনো বন্ধ থাকে। রাজনৈতিক উত্তেজনা প্রায়ই শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনকে বিপর্যস্ত করে তোলে। একদিন সন্ধ্যায় ভার্সিটির পুরোনো আমগাছের নিচে বসেছিল তারা। দূরে কয়েকজন শিক্ষার্থী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তর্ক করছিল। মিরা বলল, —রনি, কখনো কখনো খুব ভয় লাগে। —কিসের ভয়? —আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমরা যে দেশটার স্বপ্ন দেখি, সেটা কি কোনো দিন দেখতে পাব? রনি আকাশের দিকে তাকাল।
—জানি না। —তাহলে এত স্বপ্ন দেখো কেন? —কারণ স্বপ্ন না দেখলে মানুষ বাঁচে কীভাবে? মিরা তার হাতটা রনির হাতে রাখল। —দেশের রাজনীতি নিয়ে আমরা দুজন একমত। কিন্তু একটা কথা বলো, কোনো দিন যদি আমাদের রাজনৈতিক বিশ্বাসে অমিল হয়? রনি হেসে বলল, —তাহলে আমরা তর্ক করব।
—ঝগড়া? —হতে পারে। কিন্তু তর্কের শেষে চা খাব। —আর যদি খুব রাগ হয়? —তাহলে তোমাকে একটা কবিতা পড়ে শোনাব। মিরা হেসে বলল, —কবিতা দিয়ে সব সমস্যা সমাধান হয় না। —ঠিক। কিন্তু সব সমস্যার সমাধান করতে গিয়ে ভালোবাসাটাকে নষ্ট করাও ঠিক নয়। মিরা কিছু বলল না। শুধু রনির হাতটা আরও শক্ত করে ধরল।
ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর দুজনেই নিজ নিজ বাড়িতে চলে গেল। রনি গেল রংপুরে, মিরা কুষ্টিয়ায়।
দূরত্ব তৈরি হলো কয়েকশ কিলোমিটারের। কিন্তু তাদের যোগাযোগে কোনো দূরত্ব তৈরি হলো না।
প্রতিদিন রাতে কথা হতো। কখনো দেশের রাজনীতি, কখনো বই, কখনো পরিবারের গল্প, আবার কখনো একেবারে সাধারণ বিষয় নিয়ে। এক রাতে মিরা বলল, —আজ মা তোমার কথা জিজ্ঞেস করছিলেন। —কী বলেছ?
—বলেছি, একটা ছেলে আছে। রংপুরের। একটু বেশি রাজনীতি বোঝে, কিন্তু মনটা ভালো। রনি হেসে উঠল।
—তোমার মা কী বললেন? —বললেন, রাজনীতি বুঝলেই হবে না, সংসারও বুঝতে হবে।
—খুব ভুল বলেননি। —তুমি কি সংসার বুঝতে পারবে? —শিখে নেব। এই বলেই হাসতে লাগলো আর প্রকৃতিতে বয়ে গেলো নতুন প্রাণের দোলা।