রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

নুহাশ পল্লীতে নানা আয়োজনে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন

সোনার দেশ ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন পাণ্ডুলিপি
সোনার দেশ ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
নুহাশ পল্লীতে নানা আয়োজনে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন

নুহাশ পল্লীতে পরিবার, ভক্ত ও অনুরাগীদের নানা আয়োজনে উদযাপন করা হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন। কেক কাটা, সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি, গান ও নৃত্যের মধ্য দিয়ে প্রিয় লেখককে স্মরণ করেন ভক্তরা।


শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গাজীপুরের পিরুজালী এলাকায় হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া নুহাশ পল্লীতে জন্মদিনের আয়োজন করা হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লেখক, পাঠক ও ভক্তরা সেখানে ছুটে আসেন।


সকালে স্বামীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্ত্রী মেহের আফরোজ শাওন। পরে ভক্তরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


দিনভর নুহাশ পল্লীতে বিভিন্ন বয়সী ভক্ত ও অনুরাগীদের পদচারণায় মুখর ছিল পুরো এলাকা। প্রিয় লেখকের স্মরণে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন তারা।


এ ছাড়া হিমু পরিবহনের সদস্যরাও দলবেঁধে এসে তার সমাধিতে শ্রদ্ধা জানান।


হুমায়ূন আহমেদ ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে পাঠকমহলে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে অসংখ্য উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সাহিত্য ও চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন এই কথাসাহিত্যিক।


১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরে তার নিজের হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে লিচুগাছের নিচে তাকে সমাহিত করা হয়।


তথ্যসূত্র: বাংলানিউজ