রাকসুর তফসিলের দাবিতে অষ্টম দিনেও অনড় শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতা-কর্মীরা।
গত ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে রাবি সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা। পরে তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেয় ‘মঞ্চ ২৪’। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘প্রশাসন রীতিমতো আমাদের উপেক্ষা করছে। তারা অডিটের নামে একটা মূলা ঝুলিয়ে রাখতে চাইছে। আমরাও চাই অডিট অবশ্যই হোক। তবে বিগত রাকসুর অডিটের সঙ্গে পরবর্তী রাকসুর তফসিল ঘোষণা না করার কোনো যৌক্তিকতা নেই। আমরা যারা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছি, আট দিন হোক কিংবা আট মাস—দাবি আদায় করেই এখান থেকে উঠব।’
সংগঠনটির সদস্যসচিব আরিফ আলভি বলেন, ‘বৈরী আবহাওয়া উপেক্ষা করে আট দিন ধরে এখানে অবস্থান করছি, রাত কাটাচ্ছি। পরিস্থিতি যা-ই হোক, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না।’
এর আগে ১৬ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের কনফারেন্স কক্ষে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা। আলোচনায় উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, রাকসুর আগের কমিটির আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা (অডিট) শেষ হওয়ার আগে নির্বাচন আয়োজন সম্ভব নয়। এ অবস্থায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
উপাচার্য আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে স্বাভাবিক পড়াশোনায় ফেরার অনুরোধ জানান। তিনি বলেন, রাকসুর আগের কমিটির আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার জন্য দ্রুত অডিট টিম গঠন করা হবে। আগামী দুই-এক দিনের মধ্যে বাকি হিসাব জমা না পড়লেও যাঁরা ইতোমধ্যে হিসাব দিয়েছেন, তাঁদের হিসাব নিরীক্ষার কাজ শুরু হবে।
উপাচার্য আরও বলেন, অডিট কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাকসু নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
নির্বাচন কমিশন গঠনের আগে কিছু জটিলতার কথা জানিয়েছেন রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেতাউর রহমান। তিনি বলেন, একজন সম্পাদক এখনো হিসাব জমা দেননি। তবে উপাচার্য জানিয়েছেন, হিসাব জমা না দিলেও অডিট টিম গঠন করে নিরীক্ষার কাজ সম্পন্ন করা হবে।