রাজশাহীতে গণপরিবহন ধূমপানমুক্ত রাখতে স্টিকার ক্যাম্পেইন
‘ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিত করি’ স্লোগানে রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর শিরোইল বাস টার্মিনালে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটি (ডাস) ও বাংলাদেশ তামাকবিরোধী জোটের উদ্যোগে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)-এর সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় বাস টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার ও চলাচলরত বাসের দৃশ্যমান স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। স্টিকারগুলোতে জনসমাগমস্থল ও গণপরিবহনে ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে সতর্কবার্তা দেওয়া হয়। আইন অমান্য করলে ২ হাজার টাকা জরিমানার কথাও তুলে ধরা হয়।
এ উপলক্ষে রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি মো. রফিকুল ইসলাম তোতা, সদস্য মো. সেলিম হোসেন, মো. দেলোয়ার রহমান, এমডি আব্দুল করিম ও দপ্তর সম্পাদক মো. কুরবান আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় ডাসের প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্প কর্মকর্তা কাজী মো. হাসিবুল হক, লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহনাজ পারভীন, প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন, প্রকল্প সমন্বয়কারী চম্পা খাতুন এবং প্রকল্প কর্মকর্তা মুক্তা সরকার ও ফাহমিদা আহমেদ স্মৃতি উপস্থিত ছিলেন।
আয়োজক ও অংশগ্রহণকারীরা বলেন, গণপরিবহন ও জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখতে পরিবহন মালিক-শ্রমিকদের সচেতনতা জরুরি। নিয়মিত এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হলে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা আইন মেনে চলতে আরও উৎসাহিত হবেন।