নওগাঁয় ১ কোটি ৩১ লাখ টাকায় মাদ্রাসার ভবন নির্মাণ শুরু
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। প্রকল্পটির দরপত্র মূল্য ১ কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. সেলিম আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক এইচ এম নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে শ্রেণিকক্ষের সংকট ছিল। মাদ্রাসা শিক্ষার প্রসার ও মানোন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পর্যায়ক্রমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষের সংকট দূর করতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একাডেমিক ভবন নির্মাণ করা হবে। তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।