মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

যাত্রীর কাছে ১২০০ টাকা নিয়ে চাইল্ড টিকিট, টিটিইর বিরুদ্ধে অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০২:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০২:৩২ অপরাহ্ন
যাত্রীর কাছে ১২০০ টাকা নিয়ে চাইল্ড টিকিট, টিটিইর বিরুদ্ধে অভিযোগ

দুই পূর্ণবয়স্ক যাত্রীর কাছ থেকে ১ হাজার ২০০ টাকা নিয়ে ৭০০ টাকার দুটি চাইল্ড টিকিটের রসিদ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের পঞ্চগড় এক্সপ্রেসের এক টিকিট পরীক্ষকের (টিটিই) বিরুদ্ধে। টাকা দিতে আপত্তি জানালে যাত্রীদের সঙ্গে অসদাচরণ ও ট্রেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। 


এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি সংশ্লিষ্ট টিটিইর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ২টা ৮ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের (ট্রেন নম্বর ৭৯৩) ছয় নম্বর বগিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রী মো. আমিনুল ইসলাম।


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম ও তাঁর ভাই ঢাকা থেকে পার্বতীপুর যাওয়ার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন। তাড়াহুড়োর কারণে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে না পেরে তাঁরা ট্রেনে ওঠেন। পরে টিটিইর কাছে টিকিট চাইলে দুই যাত্রীর জন্য ১ হাজার ২০০ টাকা দাবি করা হয়। অতিরিক্ত টাকা দাবির প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে অসদাচরণ করা হয় এবং টাকা না দিলে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


একপর্যায়ে আমিনুল ইসলাম ১ হাজার টাকা নগদ এবং ২০০ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করেন। তবে ১ হাজার ২০০ টাকা নেওয়ার পর তাঁদের ঢাকা থেকে পার্বতীপুরের পূর্ণবয়স্ক যাত্রীর টিকিট না দিয়ে ঢাকা থেকে সান্তাহার পর্যন্ত দুটি চাইল্ড টিকিটের রসিদ দেওয়া হয়।


বাংলাদেশ রেলওয়ের ওই রসিদে যাত্রীসংখ্যা দুই, টিকিটের ধরন ‘ঈডঞ (ঈযরষফ ডরঃযড়ঁঃ ঞরপশবঃ)’ এবং মোট ভাড়া ও অতিরিক্ত ভাড়াসহ ৭০০ টাকা উল্লেখ রয়েছে। ফলে আদায় করা টাকা ও রসিদে উল্লেখিত অর্থের মধ্যে ৫০০ টাকার পার্থক্য রয়েছে বলে অভিযোগকারীর দাবি।


রসিদে টিটিইর পরিচিতি নম্বর ‘LMHLMH04’ এবং ইএফটি নম্বর ‘LMHLMH04261123020845’ উল্লেখ রয়েছে। এ ঘটনায় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ও বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগের সঙ্গে রসিদের ছবি ও বিকাশে টাকা পাঠানোর লেনদেনের তথ্যও জমা দিয়েছেন তিনি।


এ বিষয়ে লালমনিরহাটের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফেরদৌস বলেন, ‘আমরা অভিযোগটি পেয়েছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। আর তিনি কেন চাইল্ড টিকিট দিয়েছেন, সে বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’