বিধবার পরিবারকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করা এক বিধবার পরিবারকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে থানায় একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে আদালতে মামলা করায় তা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী জামেনা খাতুন ২০১৫ সালে একই গ্রামের মৃত নজির মোল্লার ছেলে মোক্তার মোল্লার কাছ থেকে সন্তোষপুর মৌজায় ১১ শতক জমি কেনেন। জমির নামজারি ও খাজনা পরিশোধের পর প্রায় সাত বছর আগে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি।
জামেনা খাতুনের অভিযোগ, জমি কেনার পর কিছুদিন সবকিছু স্বাভাবিক থাকলেও জমির পাশ দিয়ে পাকা রাস্তা নির্মাণের পর থেকে বিক্রেতা মোক্তার মোল্লার আত্মীয়স্বজন তাঁকে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এখন তাঁরা জমি বিক্রির বিষয়টিও অস্বীকার করছেন।
জামেনা খাতুন বলেন, ‘এটি আমার কেনা জমি। জমির দলিলও আছে। কিন্তু এখন তাঁরা জমি দিতে চাইছেন না। আমাদের এলাকা থেকে উচ্ছেদ করতে উঠেপড়ে লেগেছেন। বিভিন্ন সময় বাড়িতে এসে হুমকি-ধমকি দেন। এ নিয়ে থানায় কয়েকবার সালিশ হয়েছে, কিন্তু তাঁরা কিছুই মানছেন না। পরে পুলিশের পরামর্শে আদালতে দুটি মামলা করেছি।’
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শাহাপুর গ্রামের আমিন উদ্দিন, জাহিন, মজনু, মহির উদ্দিন, ইন্তাজ ও আশরাফুলসহ কয়েকজন তাঁদের নানাভাবে হয়রানি করছেন। তাঁদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহির উদ্দিন নেতৃত্ব দিচ্ছেন বলে দাবি পরিবারের সদস্যদের।
জামেনা খাতুনের ছেলে সবুজ সরকার বলেন, ‘মহির উদ্দিন জমি বিক্রেতা মোক্তার মোল্লার ভাতিজা। তিনি অন্যদের নেতৃত্ব দিয়ে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। বাড়িতে এসে হামলার চেষ্টা করছেন। আমাকে তুলে নেওয়া ও আমাদের এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। গত ২০ নভেম্বর লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলার চেষ্টা করেন। আমার খালু মমিন আলী আমাদের পাশে দাঁড়ানোয় তাঁকেও মারধর করেছেন।’
জামেনা খাতুনের বোনজামাই মমিন আলী বলেন, ‘জামেনা খাতুনের পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করায় গত ১৭ নভেম্বর অভিযুক্তরা আমাকে মারধরের চেষ্টা করেন। এরপর ২০ নভেম্বর বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে দ্বিতীয় দফায় আমাকে মারধর করেন। মামলা তুলে নিতে বলেন। তা না করলে গুম করে ফেলার হুমকি দেন। এ ঘটনায় আমি আদালতে ১০ জনকে আসামি করে মামলা করেছি।’
এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা বলেন, ‘বিষয়টি আমি জানি। জামেনা খাতুনের জমি কেনার কাগজপত্র সঠিক আছে। তবে জমির পাশ দিয়ে রাস্তা হওয়ায় জায়গাটির অবস্থান ভালো হয়েছে। এখন জমি বিক্রেতার স্বজনরা জমি বিক্রির বিষয়টি মানছেন না। এ নিয়ে একাধিকবার সালিশ-বিচার হলেও কোনো সমাধান হয়নি।’
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মহির উদ্দিন বলেন, ‘জামেনা খাতুন জমি কিনেছেন এবং সেখানে বসবাস করছেন। সবকিছু ঠিক আছে। তবে তাঁর বাড়ির পাশেই আমার চাচাতো ভাই জাহাঙ্গীরের জমি রয়েছে। জামেনার মোটরের পানি সেই জমিতে ফেলেন। এতে নিষেধ করায় তাঁরা ক্ষিপ্ত হন। আমার ভাতিজাকে মারার চেষ্টা করেছিলেন জামেনার ছেলে সবুজ। এ নিয়ে সেদিন আমরা তাঁদের বাড়িতে কথা বলতে গিয়েছিলাম। সেখানে কারও ওপর হামলা বা কাউকে মারধর করা হয়নি। কেউ মিথ্যার আশ্রয় নিলে আমার কিছু করার নেই।’
জমি বিক্রেতা মোক্তার মোল্লা বলেন, ‘আমি আমার অংশের জমি বিক্রি করে তাঁদের বুঝিয়ে দিয়েছি। খাজনা-খারিজও তাঁদের নামে হয়েছে। সেখানে অনেক দিন ধরে তাঁরা বসবাস করছেন। কিন্তু আমার আত্মীয়স্বজন তাঁদের সঙ্গে ঝামেলা করলেও আমি কিছু করতে পারছি না। তারা সংখ্যায় অনেক, আমি একা। নিষেধ করলেও আমার কথা শোনে না। আমি অসহায়।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের বিষয়টি তাঁর মনে পড়ছে না। অভিযোগকারী থানায় না এলে বিস্তারিত বলা সম্ভব নয়। তিনি বলেন, অভিযোগ এলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। থানায় এ নিয়ে কোনো বৈঠক হয়েছিল কি না, তা-ও এই মুহূর্তে মনে করতে পারছেন না।