পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশের নতুন ইতিহাস
পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ক্রমোন্নতির ধারায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই উন্নতি ইতিহাসের অংশও বটে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ লাভ করেছে বাংলাদেশের আরো ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা।
এ নিয়ে দেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে ৩০২টিতে দাঁড়ালো। এর মধ্য দিয়ে বিশ্বের সব দেশের মধ্যে সবুজ কারখানার সংখ্যায় বাংলাদেশ শীর্ষস্থানে অবস্থান করছে। নতুন সনদ পাওয়া ১২টি কারখানার ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন সোনার দেশ অনলাইনসহ দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে।
তথ্যমতে, বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। এছাড়াও বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত। ফলে শুধু কারখানার সংখ্যায় নয়, আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প স্থাপনেও বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি হয়েছে।
বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশের ৫৩টির অবস্থান দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নতুন ১২টি কারখানার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এ অর্জন আরো সমৃদ্ধ হলো।
এই পরিস্থিতি বাংলাদেশে পরিবেশ-বান্ধব শিল্পায়নে সক্ষমতার পরিচায়ক। সদিচ্ছার উন্নত মানসিকতার জন্যই এটা সম্ভব হয়েছে। দেশের শিল্প-কারখানার উন্নয়ন ও অগ্রগিততে এই সক্ষমতা বিশ্বমঞ্চে বাংলাদেশকে গ্রহণযোগ্য করে তুলেছে। দেশের পোশাক রপ্তানি খাতের সমৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। যে বিপুল সংখ্যক শ্রমিক শিল্প কারখানাগুলোর অগ্রগতিতে মূল সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে দু”খজনক হলেও এ সত্য উপেক্ষা করার সুযোগ নেই যে- শ্রমিকরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত- অবহেলিত। এই পরিস্থিতি মোটেও কাঙ্ক্ষিত ছিল না। শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির জন্য আন্দোলনে আছেন। সরকার মজুরি বোর্ডও ঘোষণা করেছেন কিন্তু শ্রমিকদের আন্দোলন মাঠেই রয়েছে। শ্রমিকরা কেন মজুরি বোর্ড আমলে নিচ্ছে না, তার কারণগুলোও খতিয়ে দেখা দরকার। সমস্যাগুলো সমাধানে শ্রমিক স্বার্থ অবশ্যই বিবেচনায় নিতে হবে। বিশ্ব বাজারে বাংলাদেশর প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শ্রমিকদের সাথে অবশ্যই বাংলাদেশের শ্রমিকদের মজুরের তুলনামূলক বিবেচনার দাবি রাখে। এ ক্ষেত্রে কোনো অজুহাত বিশ্বাসযোগ্য না হওয়ারই কথা। প্রতিদ্বন্দ্বী দেশগুলো যদি পারে বাংলাদেশ কেন পারবে না বা পারছে না- তার যৌক্তিক ও গ্রহণযোগ্য মানদণ্ড নির্ধারণ করতেই হবে।
বিশ্বব্যাপি পোশাক শিল্পের যে বাজার সৃষ্টি হয়েছে তার সুরক্ষা দেয়ায় সর্বোচ্চ পদক্ষেপ হতে হবে। দেশের শিল্পকে সার্বিকভাইে শ্রমিকবান্ধব হতে হবে। তবে সেটাই হবে টেকসই ব্যবস্থাপনা।