চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, স্কুলের দপ্তরির কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাসুদ রানা (৩৫) নামে এক যুবককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন জানান, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ রানা। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাসুদ।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ওই বছরের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক মাসুদ রানাকে আট বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।