রূপপুরে তৈরি হচ্ছিল বিদেশী মদ, রুশ নাগরিকসহ গ্রেপ্তার ২
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের টার্গেট করে বিদেশী মদ তৈরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২২ নভেম্বর) দিনভর উপজেলার সাহাপুর ইউনিয়নের চরসাহাপুর নতুনহাট এলাকায় ব্র্যাক অফিসের পাশের একটি তিনতলা ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় প্রায় ১০০ লিটার বিদেশী মদ ও প্রায় ২ হাজার লিটার জাওয়া ও মদ তৈরীর নানা সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক জাভেফ জাফর ও ওই বাসার মালিক উজ্জল। গ্রেপ্তার উজ্জল রাশিয়ান নাগরিকের মাধ্যমে ঈশ্বরদীতে বসবাসরত রূপপুর প্রকল্পে কর্মরত অসংখ্য নাগরিকদের নিকট মদ তৈরি ও নিয়মিত সরবরাহ করার কথা স্বীকার করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী খ-সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চক্রটি দেশী-বিদেশী মদ তৈরি করে গ্রীন সিটি এলাকায় বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযানে নেমে মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। ঈশ্বরদী থানায় এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করার পর গ্রেপ্তার দুজনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।