সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

শিবগঞ্জে প্রতারিত ১৮ হাজার মানুষ

সোনার দেশ ২২ নভেম্বর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ২২ নভেম্বর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
শিবগঞ্জে প্রতারিত ১৮ হাজার মানুষ

তদন্ত করে দোষিদের শাস্তি নিশ্চিত করতে হবে

দেশে ছোট বড় প্রতারকচক্র দরিদ্র মানুষকে নানা উপায়ে প্রতরণা করছে। নানা প্রলোভন দেখিয়ে কিংবা সুবিধা পাইয়ে দেয়া প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার জাল বিস্তার করে রেখেছে। এর ফলে প্রতারিতদের অনেকেই আছেন যারা সর্বস্ব হারিয়ে পথে বসেছে। তাদের আইনি প্রতিকার পাওয়ার সুযোগও কম থাকে- ফলে প্রতারক চক্র রেহায় পেয়ে যায়।  


সোনার দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাসহ আশপাশের এলাকার প্রায় ১৮ হাজার মানুষের কাছ থেকে ২০ থেকে ২২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মাসকুরা ট্রেডার্সের মালিক ও ম্যানেজারসহ একটি চক্রের বিরুদ্ধে। এই চক্র সরকারি অনুদানের স্বল্পমূল্যে চাল, গরু, মোটর ও বাড়ি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া হয়েছে।


প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রতারিত মানুষ দীর্ঘদিন ধরে টাকা ফেরত না পেয়ে ব্যর্থ হয়েছে। তারা প্রতিকার পেতে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।


ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারকচক্র সরকারি অনুদানের কথা বলে বিভিন্ন ধরনের কার্ড বিতরণের মাধ্যমে টাকা সংগ্রহ করেন। কার্ডপ্রতি চালের জন্য ৫ হাজার, গরুর জন্য ৩০ হাজার, মটরের জন্য ১৫ হাজার এবং বাড়ির জন্য ৬০ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়। এভাবে প্রায় ১৮ হাজার মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।


সারা দেশ জুড়েই এ ধরনের প্রতারণা-ফাঁদ পেতে উদ্দেশ্য হাসিল করে চলেছে এ ধরনের চক্রগুলো। কিন্তু প্রশ্ন ওঠে- কীভাবে এসব প্রতারণাচক্র তাদের প্রতারণা চালিয়ে যেতে পারে। স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগের নাগালের মধ্যে থেকেই প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে? আইনের আওতায় অপরাধীদের আনতে ব্যর্থতার ফলেই প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। 


শিবগঞ্জের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের প্রতি প্রশাসন ও পুলিশের আমলে নেয়া উচিৎ। তদন্ত করে অপরাধী চিহ্নিত হলে তাদের কাছ থেকে অর্থ উদ্ধার করে ভুক্তভোগিদের ফেরৎ প্রদানের ব্যবস্তঅ করা এবং অপরাধীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।