শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ঋতুর ক্যালেন্ডারে শীতের দেরি, বদলে যাচ্ছে চেনা প্রকৃতি

নিজস্ব প্রতিবেদক ২৭ নভেম্বর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৭ নভেম্বর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
ঋতুর ক্যালেন্ডারে শীতের দেরি, বদলে যাচ্ছে চেনা প্রকৃতি

ভোরের ঘাসে শিশির জমছে, দূরের মাঠ ঢেকে থাকছে হালকা কুয়াশাও। সন্ধ্যার পর বাতাসে অনুভূত হচ্ছে শীতের ছোঁয়া। অথচ দিনের বেলায় সেই চেনা শীতের দেখা নেই; রোদের তেজ আর ভ্যাপসা গরম মনে করিয়ে দিচ্ছে শরৎও পুরোপুরি বিদায় নেয়নি। রাজশাহীর প্রকৃতিতে এমন বৈপরীত্য এখন অনেকটাই পরিচিত দৃশ্য। ঋতুর স্বাভাবিক ছন্দে পরিবর্তন আসায় শীতের আগমনও যেন পিছিয়ে যাচ্ছে।


নভেম্বরের মাঝামাঝি পেরিয়েও রাজশাহীতে জেঁকে বসেনি শীত। আবহাওয়ার এই পরিবর্তন শুধু পোশাক-পরিচ্ছদ বা দৈনন্দিন জীবনযাত্রায় সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে কৃষিকাজ, খেজুরের রস সংগ্রহ এবং মানুষের স্বাস্থ্যে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ডিসেম্বরের শুরুতে শীত-অনুভূতি বাড়তে পারে। আর উত্তরাঞ্চলে জানুয়ারিতে শীতের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।


একসময় অক্টোবরের মাঝামাঝি থেকেই রাজশাহী অঞ্চলে শীতের আগমনী বার্তা পাওয়া যেত। নভেম্বরের শুরুতে ঠান্ডার অনুভূতি স্পষ্ট হতো। ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়ত, ফেব্রুয়ারিতে ধীরে ধীরে কমে আসত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই পরিচিত পরিবেশে পরিবর্তন লক্ষ করছেন স্থানীয় বাসিন্দারা।


পুঠিয়ার বানেশ্বর এলাকার বাসিন্দা রাহুল রাজ তুষারের অভিজ্ঞতাতেও উঠে এসেছে সেই পরিবর্তনের চিত্র। তিনি বলেন, ‘ঋতুর পুরোনো ছন্দ আর নেই। এখন গরম থাকে বছরের আট মাস। কোনোমতে দুমাস বর্ষা ও শীত থাকে। এদিকে সময়মতো শীত আসছে না, আবার টিকছেও কম দিন। কনকনে ঠান্ডা আগের চেয়ে অনেক কমে গেছে।’


শীত দেরিতে আসার এই অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত অনুভূতি নয়; প্রকৃতির বিভিন্ন কর্মকাণ্ডেও তার ছাপ পড়ছে। বিশেষ করে কৃষক ও খেজুরগাছিদের কাছে তাপমাত্রার পরিবর্তন হয়ে উঠছে বাড়তি উদ্বেগের কারণ।


হেমন্তের মাঠে এখন ধান কাটার ব্যস্ততা। কোথাও চলছে ধান কাটা, আটি বাঁধা, কোথাও মাড়াই। ভোরের কুয়াশা উপেক্ষা করে কৃষকেরা নেমে পড়ছেন মাঠে। পাশাপাশি আগাম শীতকালীন সবজির পরিচর্যা, খেজুরগাছ প্রস্তুত করা এবং রস সংগ্রহের কাজও চলছে।


কিন্তু সময়ের আগেই সবজি উৎপাদনের প্রস্তুতি নিলেও প্রত্যাশিত ফলন পাচ্ছেন না অনেক কৃষক। তাপমাত্রার তারতম্য, রোগবালাই ও উৎপাদন খরচের চাপ তাঁদের দুশ্চিন্তা বাড়াচ্ছে।


নামাজগ্রামের কৃষক মুকুল হোসেন বলেন, ‘শীতের আগাম সবজি উৎপাদনে পরিচর্যা ও ব্যয় অনেক বেশি করতে হয়। তারপরও ফলন কম। সময়ের আগে উৎপাদন করায় রোগবালাই বেশি হয়, এতে কীটনাশকের ব্যবহার বেশি করতে হয়। আগে যখন আগেভাগে শীত আসত তখন এত প্রতিবন্ধকতা ছিল না।’


রাজশাহী অঞ্চলে শীত মানেই খেজুরের রস আর গুড় তৈরির মৌসুম। শীত যত বাড়ে, খেজুরের রস সংগ্রহের উপযোগী পরিবেশ তত তৈরি হয়—এমনটাই স্থানীয় গাছিদের অভিজ্ঞতা। কিন্তু এবার তাপমাত্রার ওঠানামা ও কুয়াশার ধরন তাঁদের কাজে প্রভাব ফেলছে।


রঘুনাথপুরের সাগর ইসলাম জানান, শীত বাড়লে খেজুরের রসের পরিমাণ যেমন বাড়ে, তেমনি স্বাদও ভালো হয়। এখন গরম ও কুয়াশার কারণে রস ঘোলা হচ্ছে। স্বাদও আগের মতো পাওয়া যাচ্ছে না।


খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির সঙ্গে যুক্ত মানুষের কাছে তাই শীতের সময়মতো আগমন শুধু ঋতু পরিবর্তনের বিষয় নয়, জীবিকা ও উৎপাদনের সঙ্গেও জড়িত।


আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজশাহী অঞ্চলে এখনো দক্ষিণ-পশ্চিম দিকের বাতাসের প্রভাব রয়েছে। তবে উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল বাতাস প্রবেশ করতে শুরু করেছে। এর প্রভাবে ডিসেম্বরের শুরুতে শীতের অনুভূতি বাড়তে পারে।


রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ‘শীতের এই শীতল বাতাসের উৎস মূলত মধ্য এশিয়া ও সাইবেরিয়া অঞ্চলের উচ্চচাপ বলয় এবং হিমালয়ের তুষারাবৃত এলাকা। উত্তর ও উত্তর-পশ্চিম থেকে হিমালয়ের কোল ঘেঁষে ঠান্ডা ও শুকনো বাতাস আসে আমাদের দেশে। বাতাস যত জোরালো, পথে বাধা যত কম, শীত তত তীব্র হয়।’


তিনি জানান, এবার ডিসেম্বরের শুরুতে উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে। জানুয়ারিতে জেঁকে শীত পড়ার আভাস রয়েছে। রংপুর, দিনাজপুর, তেঁতুলিয়া, রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও শ্রীমঙ্গলে শীতের প্রভাব বেশি হতে পারে।


শীতের আগমন ও স্থায়িত্বে পরিবর্তনের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, তাপমাত্রার সামগ্রিক পরিবর্তনের কারণে ঋতুভিত্তিক আবহাওয়ার পরিচিত বৈশিষ্ট্যেও বদল দেখা যাচ্ছে। এবার জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়তে পারে এবং এর প্রভাব মার্চ পর্যন্ত গড়ানোর আশঙ্কা রয়েছে।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লতিফুর রহমান সরকার বলেন, ‘এখন নভেম্বরের মাঝামাঝি হলেও চেনা ঠান্ডার আমেজ মিলছে না। শীতের আগমন ঘটছে নভেম্বরের শেষ দিকে। আবার তীব্র শীতের লক্ষণও তেমন দেখা যাচ্ছে না।’


ঋতু পরিবর্তনের এই অনিয়মের প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে। দিনের তুলনায় রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনে বিশেষ করে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালে প্রতিদিনই শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। শিশুরা জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।’ আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।


উল্লেখ্য, শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।